নিম্ন আয়ের মানুষের মধ্যে হাহাকার 
নিম্ন আয়ের মানুষের মধ্যে হাহাকার । নয়া দিগন্ত গ্রাফিক্স

রাজধানীতে সাম্প্রতিক সময়ে ওএমএসের (খোলাবাজারে বিক্রি) ট্রাকের পেছনে ভিড় বাড়ছে। মূলত কম দামে চাল-আটা কিনতে মানুষের লম্বা লাইন। ওএমএসের কেজি-প্রতি চালের দাম ৩০ টাকা, যা খুচরা বাজারে ৫৫ টাকা। আবার বাজারে আটার কেজি ৫০ টাকা, ট্রাক থেকে সংগ্রহ করলে ২৮ টাকা। তবে লাইনে দাঁড়ালে সামগ্রী পাওয়া যাবে নিশ্চিত নয়। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও চাল-আটা না পেয়ে অনেকে খালি হাতে ফিরে যাচ্ছেন। 

Advertisement

নিত্যপণ্যের লাগামহীন দাম, সাথে দীর্ঘমেয়াদি উচ্চ মূল্যস্ফীতির জাঁতাকলে পিষ্ট খেটে খাওয়া মানুষ। ওএমএসের ট্রাকের পেছনে শ্রমজীবীদের এই দীর্ঘ অপেক্ষা শুধু কিছু চাল বা আটা কেনার লড়াই নয়; মূলত তাদের বেঁচে থাকার নিরুপায় চেষ্টা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন বলছে, ২০২২ সাল থেকে বাংলাদেশ দীর্ঘমেয়াদি মূল্যস্ফীতির মধ্যে আছে। গড় মূল্যস্ফীতির হার প্রায় ৯ শতাংশ। মূল্যস্ফীতির ক্রমাগত ধাক্কায় নিম্ন ও সীমিত আয়ের মানুষের প্রকৃত আয় কমে গেছে। অন্য দিকে কর্মসংস্থান বাড়েনি।

বাজারে সয়াবিন তেল, মাছ, ব্রয়লার মুরগি ও ডিমসহ প্রায় সব পণ্যের দাম চড়া। মৌলিক চাহিদা মেটাতে গিয়ে আর্থিক অনটনে পড়ছেন। পোশাকশ্রমিক থেকে শুরু করে খেটে খাওয়া নানা পেশার মানুষ শুধু ভাত ও সবজি খেয়ে দিন কাটাতে বাধ্য হচ্ছেন। তাদের অবস্থা এমন যে, অসুস্থ হলেও চিকিৎসার ব্যয় মেটাতে অপারগতায় চিকিৎসাসেবা নিতে পারছেন না। বিশ্বব্যাংকের তথ্যানুযায়ী, গত চার বছরে বাংলাদেশে প্রায় ৮০ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমেছে। প্রয়োজনের তুলনায় ওএমএসের বর্তমান কার্যক্রম অত্যন্ত সীমিত। 

রাজধানীতে বরাদ্দকৃত পণ্য দিয়ে লাইনে দাঁড়ানো সবার চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। অন্য দিকে গত ছয় মাস ধরে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক সেল বন্ধ। ফলে কার্ডহীন দরিদ্র ও প্রান্তিক মানুষজন তেল, ডাল ও চিনির মতো অতিপ্রয়োজনীয় পণ্যগুলো সাশ্রয়ী মূল্যে কেনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। 

এমন অসহনীয় পরিস্থিতি থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত ওএমএসের পরিধি ও বরাদ্দ বাড়াতে হবে। রাজধানীর পাশাপাশি ঢাকার বাইরের শহরাঞ্চলেও ছিন্নমূল ও দরিদ্র মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। ওএমএস কার্যক্রম শুধু ঢাকার মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের অন্যান্য অঞ্চলেও বিস্তৃত করতে হবে। ট্রাকে সরবরাহ পণ্যের পরিমাণ আরো বাড়াতে হবে।

স্বল্প ও নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় লাঘবে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক সেল কার্যক্রম ফের দ্রুত চালু করা প্রয়োজন। যাতে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য কিনতে পারেন। নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ ওএমএস বা ভর্তুকিযুক্ত খাদ্যসহায়তা কার্যক্রম আরো জোরদার করা সরকারের অগ্রাধিকারে থাকা উচিত। পাশাপাশি বাজার নজরদারি কঠোর করে কৃত্রিম সঙ্কট ও পণ্যের দাম অহেতুক বৃদ্ধিরোধে কার্যকর ভূমিকা রাখা দরকার।

সাধারণ মানুষের অসহায়ত্ব দূর করতে রাষ্ট্রীয় ও সামাজিক সুরক্ষার জাল আরো প্রশস্ত করার বিকল্প নেই। সময়মতো সঠিক পদক্ষেপ না নিলে দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি আরো বহু মানুষকে চরম দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারে।