রায় ঘোষণার পর আসামিকে কারাগারে নেয়া হচ্ছে
রায় ঘোষণার পর আসামিকে কারাগারে নেয়া হচ্ছে। নয়া দিগন্ত

পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার দায়ে সিলেটের বিয়ানীবাজারে স্বামী ছিদ্দিক আহমদ লাদেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তবে একই মামলার অপর আসামি ফখরুল ইসলাম ওরফে ফখরু মেম্বারকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সিলেটের জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক শেখ নাজমুন নাহার এ রায় ঘোষণা করেন।

রায়ের সত্যতা নিশ্চিত করে আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (অতিরিক্ত পিপি) অ্যাডভোকেট আল-আসলাম মোমিন বলেন, ২০১৬ সালে বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা গ্রামের আলাউদ্দিনের ছেলে ছিদ্দিক আহমদ লাদেন (৪২) পরকীয়ার জেরে স্ত্রী আয়শা বেগমকে হত্যা করেন। হত্যার পর ঘরে তালা লাগিয়ে পালিয়ে যান তিনি।

পরে পুলিশ ওই ঘর থেকে আয়শার লাশ উদ্ধার করে। এ ঘটনায় ২০১৬ সালের ২০ মার্চ বিয়ানীবাজার থানায় হত্যা মামলা করা হয়। মামলায় ছিদ্দিক আহমদ লাদেন ও একই গ্রামের মরহুম আয়াজ আলীর ছেলে ফখরুল ইসলাম ওরফে ফখরু মেম্বারকে আসামি করা হয়। পরে পুলিশ দু’জনকেই গ্রেফতার করে।

তিনি আরো জানান, মামলায় ২৩ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে লাদেনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। তবে অপর আসামি ফখরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আল-আসলাম মোমিন।