
প্রতিটি ‘জাতিরাষ্ট্রের’ ইতিহাসে এমন কিছু মানুষ থাকেন, যারা সেই জাতি গড়ে তোলা ও স্বপ্নদ্রষ্টা হিসেবে স্বীকৃত হন। তাদেরই আমরা বলি জাতির প্রতিষ্ঠা পুরুষ। একটি জাতি যখন নিজের প্রতিষ্ঠা পুরুষদের নিয়েই বিভক্ত হয়ে পড়ে, তখন বুঝতে হবে, তার আত্মপরিচয়ের প্রশ্নটি তখনো পুরোপুরি মীমাংসিত হয়নি। বাংলাদেশ আজ ঠিক এই প্রশ্নের মুখোমুখি। ৮ নভেম্বর ২০২৬ তারিখের দৈনিক যুগান্তরের প্রথম পৃষ্ঠায় ছোট্ট একটি সংবাদ ছাপা হয়েছে। শিরোনাম, ‘ব্যানারে নেই জিয়ার ছবি, জাতির পিতা সম্বোধনে হট্টগোল’।
খবরটি ছিল ৭ নভেম্বর বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের। ব্যানারে প্রদর্শিত ছবির মধ্যে জিয়াউর রহমানকে রাখা হয়নি। বক্তৃতা করতে গিয়ে এক বক্তা ‘জাতির পিতা’ সম্বোধন করেছেন। এ নিয়ে হট্টগোল। সংবাদটি আকারে ছোট; কিন্তু তাৎপর্যে মোটেই ছোট নয়।
বলার অপেক্ষা রাখে না, এই ঘটনা একটি গভীর সত্য সামনে এনেছে। সত্যটি হলো, জাতির প্রতিষ্ঠা পুরুষ কারা, কাকে কোন নামে সম্বোধন করা হবে, এই প্রশ্নটি আজও আমাদের মধ্যে মীমাংসিত নয়। অথচ একটি জাতির প্রতিষ্ঠা পুরুষদের নিয়ে বিতর্ক অনাকাঙ্ক্ষিত। কারণ প্রতিষ্ঠা পুরুষরা কোনো একটি দল বা গোষ্ঠীর সম্পদ নন। তারা গোটা জাতির সম্মিলিত ঐতিহাসিক উত্তরাধিকার। সুতরাং এ ব্যাপারে একটি ন্যাশনাল কনসেনসাস বা জাতীয় ঐকমত্য সৃষ্টি করা প্রয়োজন। একটি জাতি যখন সৃষ্টি হয়, তখন সব মত, সব পথ এবং সব ধারাকে একত্র করেই সেই সৃষ্টি সম্পন্ন হয়। জাতির প্রতিষ্ঠা পুরুষদের মূল্যায়নও সেভাবেই হওয়া উচিত। জাতির প্রতিষ্ঠা পুরুষদের ছবি কোথায় শোভা পাবে, কাকে কী নামে সম্বোধন করা হবে, এসব প্রশ্ন বাইরে থেকে প্রতীকী মনে হলেও আসলে একটি জাতির আত্মপরিচয়ের প্রশ্ন।
লক্ষ করার বিষয়, ঘটনাটির দু’টি দিক রয়েছে। এক দিকে জিয়াউর রহমানের ছবি না থাকা, অন্য দিকে ‘জাতির পিতা’ সম্বোধন। দু’টি দিকই আসলে একই বিতর্কের দুই প্রান্ত। একপক্ষ মনে করে, প্রতিষ্ঠা পুরুষদের তালিকায় জিয়াউর রহমানের স্থান থাকা উচিত। অন্যপক্ষ মনে করে, জাতির পিতা কেবল একজনই। যত দিন এই প্রশ্নের একটি সর্বজনগ্রাহ্য উত্তর না আসবে, ততদিন প্রতিটি সরকারি অনুষ্ঠানে, প্রতিটি ছবির প্রদর্শনীতে, প্রতিটি বক্তৃতায় একই হট্টগোলের আশঙ্কা থেকেই যাবে।
ইতিহাসের শিক্ষা হলো, কোনো জাতির সৃষ্টি কোনো একজন ব্যক্তির একক কীর্তি নয়। একটি জাতি গড়ে ওঠে দীর্ঘ সময়ের পরিক্রমায়, বহু মানুষের স্বপ্ন, সংগ্রাম, ভুল এবং ত্যাগের সম্মিলনে। এই পরিক্রমায় বিভিন্ন যুগে বিভিন্ন নেতা সামনে এসেছেন। কেউ রাজনৈতিক ঐক্য গড়ার চেষ্টা করেছেন, কেউ ভাষার অধিকার নিয়ে লড়েছেন, কেউ স্বায়ত্তশাসনের দাবি তুলেছেন। প্রত্যেকের ভূমিকা এক নয়; কিন্তু প্রত্যেকেই সেই পরিক্রমার অংশ। সুতরাং কাউকে মুছে ফেলে আমরা ইতিহাসকে সরল করতে পারি; কিন্তু সত্য করতে পারি না।
বাংলাদেশ জাতিরাষ্ট্রের একটি দুর্ভাগ্য হলো, এর ইতিহাস গড়ে উঠেছে একের পর এক বাঁক পেরিয়ে। ১৯৪৭ সালে ভারত বিভাজনের মাধ্যমে যে রাষ্ট্রটি সৃষ্টি হয়েছিল, সেটি ছিল একটি অনস্বীকার্য বাস্তবতা। এরপর ১৯৭১ সালে যারা নতুন করে পাকিস্তান থেকে স্বাধীনতা ঘোষণা করলেন এবং বাংলাদেশ সৃষ্টি হলো, তখন তাদের একটি অংশ আগের সেই ইতিহাসকে যেন মুছে ফেলতে চাইলেন। কায়েদে আজমের ছবি মুছে ফেলা হলো। জিন্নাহর নামে থাকা হলের নাম পরিবর্তন করে রাখা হলো সূর্যসেন হলো। অথচ তারা প্রত্যেকেই এই জাতিরই ইতিহাসের অংশ, সেই অংশ যত স্বল্পই হোক। এটি ছিল ইতিহাসের প্রতি আবেগতাড়িত একটি প্রতিক্রিয়া; কিন্তু ইতিহাস আবেগ দিয়ে মোছা যায় না। কায়েদে আজমকে দেয়াল থেকে সরিয়ে দিলেও ১৯৪৭ সালের সত্য বদলে যায় না।
লক্ষণীয়, ১৯৭১ সালের পূর্বাপরে ভাষা আন্দোলন, স্বায়ত্তশাসন আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামে আমরা যেভাবে এগিয়ে এসেছি, তার পেছনে রয়েছে আরো আগের একটি দীর্ঘ পর্ব। বিশেষ করে ১৯০৫ সাল থেকে ১৯৫১ সাল পর্যন্ত যে রাষ্ট্রপুরুষরা বাংলাদেশ জাতিরাষ্ট্র নির্মাণের পেছনে ভূমিকা পালন করেছেন, স্বপ্নসাধকের ভূমিকা পালন করেছেন, তাদের কথা আমরা ভুলতে পারি না। এরা হলেন শেরেবাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, খাজা নাজিমুদ্দিন ও মওলানা ভাসানী। মুসলিম লীগের তৎকালীন সেক্রেটারি জেনারেল আবুল হাশেমের নামও এ প্রসঙ্গে বলা যায়।
ইতিহাস যেভাবে গড়িয়েছে, তাতে পূর্ব বাংলার জাতীয় নেতৃত্বকে পাকিস্তানের নেতৃত্বের প্রকৃত অংশীদার হিসেবে উপলব্ধি করা হয়নি। এর ফলে এখানে একটি বিচ্ছিন্নতাবোধ তৈরি হয়। পাকিস্তান আমলের ছবির দিকে তাকালেই তা স্পষ্ট হয়। বিভিন্ন অফিস-আদালতে প্রথমে শোভা পেত আল্লামা ইকবালের ছবি, তারপর মোহাম্মদ আলী জিন্নাহর, তারপর লিয়াকত আলী খানের। বাঙালি কেউ নেই। শেরেবাংলা ও সোহরাওয়ার্দীর মতো নেতা, কিংবা মওলানা আকরম খাঁর মতো ব্যক্তিত্ব, কেউই সেই ছবির সারিতে স্থান পাননি। যে নেতৃত্ব এই ভূখণ্ডের মানুষের আস্থা অর্জন করেছিল, সেই নেতৃত্বকে সরকারি প্রতীকের জগতে না দেখতে পাওয়ার বেদনা ও বঞ্চনাবোধই পরবর্তীকালে বড় আকার ধারণ করে।
‘‘বাংলাদেশ জাতিরাষ্ট্রের নতুন সরকার নানা ধরনের সমন্বয় এবং জাতীয় ঐক্যের চেষ্টা করছে। আমরা চাই, সেই চেষ্টার মধ্যে এই অমীমাংসিত বিষয়টিও স্থান পাক। জাতীয় ঐক্য কেবল রাজনৈতিক দলগুলোর মধ্যকার সমঝোতা নয়, এর ভিত্তি রয়েছে ইতিহাসের প্রতি সম্মিলিত শ্রদ্ধায়। যে জাতি তার প্রতিষ্ঠা পুরুষদের নিয়ে প্রতিনিয়ত বিতর্কে জড়িয়ে থাকে, সে জাতি তার ভবিষ্যৎ নির্মাণে পূর্ণ শক্তি প্রয়োগ করতে পারে না। ইতিহাস কেবল অতীত নয়, বর্তমানের পথনির্দেশকও। প্রতিষ্ঠা পুরুষদের প্রতি সম্মিলিত সম্মান জাতিকে আত্মবিশ্বাস দেয়, বিভাজনের সুযোগ কমায় এবং ভবিষ্যতের দিকে একসাথে এগিয়ে যাওয়ার ভিত্তি তৈরি করে। একটি জাতির প্রতিষ্ঠার ইতিহাসকে সমন্বিত ও সর্বজনগ্রাহ্য রূপ দেয়া তাই আমাদের জাতীয় কর্তব্য। এই অমীমাংসিত অধ্যায়কে মীমাংসিত করার দায়িত্ব এখন আমাদেরই’’
এই বাস্তবতার একটি উল্টো দৃশ্যও আমরা পরবর্তীকালে দেখেছি। শেরেবাংলা চলেই গেলেন, সোহরাওয়ার্দী চলেই গেলেন, মওলানা ভাসানীর নামও রইল না। শেখ সাহেবকে নিয়ে ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’ ধরনের একটি ভিত্তিহীন ও অবাস্তব অভিধা প্রয়োগ করা হলো। অর্থাৎ পাকিস্তান আমলে যে ভুল বাঙালি নেতৃত্বকে বাদ দিয়ে করা হয়েছিল, স্বাধীন বাংলাদেশে সেই একই ধরনের ভুল ভিন্ন পক্ষকে বাদ দিয়ে করা হলো। এতে জাতি ঐক্যবদ্ধ হয়নি; বরং ইতিহাস নিয়েই বিভক্ত হয়েছে।
আমরা বলে থাকি, জাতির ইতিহাস একটি নদীর বাঁকের মতো। এক বাঁক থেকে আরেক বাঁকে পরিবর্তন আসে; কিন্তু নদীটি একই থাকে। নদীর কোনো একটি বাঁককে অস্বীকার করলে নদীর পূর্ণ চিত্র পাওয়া যায় না। এই ইতিহাসের প্রশ্নে এখন বিতর্ক হচ্ছে, দেশের পিতা কি জাতির পিতা? পাকিস্তান সৃষ্টির ব্যাপারে খাজা নাজিমুদ্দিনের ভূমিকা ছিল, সোহরাওয়ার্দীর ভূমিকা ছিল, শেরেবাংলার ভূমিকা ছিল। সেটি আমরা অস্বীকার করতে পারি না। আবার বাংলাদেশ জাতির সৃষ্টির ব্যাপারে শেখ সাহেবের ভূমিকা ছিল, বাংলা ভাষার ভূমিকা ছিল। বাংলাদেশ সৃষ্টির আগের এসব ভূমিকা একত্র করলে বিতর্কটি দাঁড়ায় এই যে, আমাদের জাতির পিতা কি কেবল শেখ মুজিবুর রহমান? নাকি প্রতিষ্ঠা পুরুষদের আমরা একত্র করে সমন্বিতভাবে সম্মান প্রদর্শন করব?
এ ক্ষেত্রে আমেরিকার উদাহরণ আমাদের সামনে রয়েছে। সেখানে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে কোনো একজনকে নয়, বেশ কয়েকজন নেতা ও রাষ্ট্রপুরুষকে একত্র করে দেখা হয়। জর্জ ওয়াশিংটনসহ আরো কয়েকজনকে বলা হয় জাতির প্রতিষ্ঠাতা পুরুষ, ইংরেজিতে যারা ‘ফাউন্ডিং ফাদার্স’ (ঋড়ঁহফরহম ঋধঃযবৎং)। এখন প্রশ্ন, বাংলাদেশে এই ধারণা প্রয়োগ করা যায় কি না। এ প্রশ্নে সব পক্ষের খোলা মনে ভাবার সময় এসেছে। এর উদ্দেশ্য কাউকে ছোট করা নয়; বরং সবাইকে যথাযোগ্য মর্যাদায় একটি সমন্বিত কাঠামোর মধ্যে স্থান দেয়া। এতে কোনো একজনের মর্যাদা কমে না; বরং জাতির প্রতিষ্ঠার ইতিহাস পূর্ণতা পায়।
বস্তুত ইতিহাসকে আমরা অস্বীকার করতে পারি না। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহকে অস্বীকার করা যায় না। শেরেবাংলাকে অস্বীকার করা যায় না, সোহরাওয়ার্দীকে অস্বীকার করা যায় না। ভাষা আন্দোলনে খাজা নাজিমুদ্দিনের বিতর্কিত ভূমিকা থাকা সত্ত্বেও এই জাতির প্রতিষ্ঠাতাদের মধ্যে তিন নেতার মাজারে তার একটি অবস্থান রয়েছে। এই ইতিহাসকে এড়িয়ে গিয়ে নতুন কোনো ইতিহাস দাঁড় করানো যায় না। আমাদের চাই একটি সমন্বিত অবস্থান এবং সেটি বাংলাদেশ জাতিরাষ্ট্রের স্বার্থেই চাই।
তিন নেতার মাজার আসলে এই সমন্বিত স্বীকৃতিরই একটি দৃষ্টান্ত। সেখানে ভিন্ন ভিন্ন ভূমিকার, এমনকি বিতর্কিত ভূমিকার নেতারাও একই স্থানে চিরনিদ্রায় শায়িত। জাতি তাদের কোনো একজনের মতাদর্শ দিয়ে বিচার করেনি; বরং সম্মিলিতভাবে জাতির ইতিহাসে তাদের অবস্থান স্বীকার করেছে। প্রতিষ্ঠা পুরুষদের প্রশ্নেও আমাদের সেই উদার ও সমন্বিত দৃষ্টিভঙ্গিই গ্রহণ করতে হবে।
আরেকটি বিষয় আমাদের ভাবতে হবে। নতুন প্রজন্ম তাদের জাতির প্রতিষ্ঠার ইতিহাস কোথা থেকে জানবে? যদি তারা দেখে, একেক সরকারের আমলে একেক রকম ছবি টাঙানো হয়, একেক রকম নাম মুছে ফেলা হয়, তাহলে তারা ইতিহাস সম্পর্কে বিভ্রান্ত হবে। বিভ্রান্ত প্রজন্ম কখনো আত্মবিশ্বাসী জাতি গড়ে তুলতে পারে না।
এখানে একটি ভাগ্যের কথা উল্লেখ করা প্রয়োজন। জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের মাধ্যমে একটি সমন্বিত জাতীয়তাবাদ সৃষ্টি করেছিলেন। সেই সমন্বয়ের মনোভাব তার আচরণেও প্রতিফলিত হয়েছে। তিনি শেখ মুজিবুর রহমানকে যথেষ্ট সম্মান দিয়েছেন এবং তার সম্পর্কে কখনো কঠোর বাক্য উচ্চারণ করেননি। অথচ গত সতেরো বছরে জিয়াউর রহমানের নামকে মুছে ফেলার জন্য কোনো চেষ্টারই ত্রুটি করা হয়নি। একইভাবে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর নামও আসবে। সমন্বয়ধর্মী এই দৃষ্টিভঙ্গিই আজ আমাদের জন্য সবচেয়ে প্রয়োজনীয়।
এভাবে লক্ষ করলে আমরা একটি পুনরাবৃত্ত প্রবণতা দেখতে পাই। পাকিস্তান আমলে বাঙালি নেতৃত্বকে প্রকৃত অংশীদার হিসেবে গ্রহণ না করার প্রবণতা। ১৯৭১-এর পর আগের নেতাদের ইতিহাস থেকে মুছে ফেলার প্রবণতা। আর গত সতেরো বছরে জিয়াউর রহমানের নাম মুছে ফেলার প্রবণতা। প্রতিটি পর্বে ক্ষমতাবান পক্ষ নিজের পছন্দের নেতাদের তুলে ধরেছে এবং ভিন্ন পক্ষের নেতাদের সরিয়ে দিয়েছে। বস্তুত এই চক্র থেকে বেরিয়ে না এলে প্রতিষ্ঠা পুরুষদের নিয়ে বিতর্ক কখনোই থামবে না।
আমি আগেও বলেছি, বাংলাদেশের মানুষ জাতীয় সঙ্কটের মুহূর্তে ঐক্যবদ্ধ হতে জানে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর আমরা তা দেখেছি। ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানেও তা দেখা গেছে; কিন্তু সঙ্কটের মুহূর্তের এই ঐক্য স্থায়ী ঐক্যে রূপ নিতে হলে প্রয়োজন সর্বজনগ্রাহ্য ইতিহাস-চেতনা। যে জাতি নিজের ইতিহাসের প্রধান চরিত্রদের নিয়েই বিভক্ত, তার পক্ষে স্থায়ী জাতীয় ঐক্য গড়ে তোলা কঠিন। এ কারণেই প্রতিষ্ঠা পুরুষদের প্রশ্নটি কেবল ইতিহাসের প্রশ্ন নয়, এটি জাতীয় ঐক্যেরও প্রশ্ন।
সুতরাং বিতর্কের এই পর্বে আমাদের করণীয় সম্পর্কে তিনটি কথা বলা যায়।
১. প্রতিষ্ঠা পুরুষদের কোনো একটি দল বা মতাদর্শের সম্পদ না ভেবে গোটা জাতির সম্মিলিত উত্তরাধিকার হিসেবে বিবেচনা করা।
২. ফাউন্ডিং ফাদার্সের ধারণা বাংলাদেশের প্রেক্ষাপটে প্রয়োগ করা যায় কি না, সব পক্ষকে তা নিয়ে আলোচনা করা।
৩. বিষয়টিকে ফরমাল বা ইনফরমাল কনসেনসাসের মাধ্যমে একটি মীমাংসিত অধ্যায়ে রূপ দেয়া।
এই ঐকমত্য ফরমাল হতে পারে, অর্থাৎ সরকারি উদ্যোগের মাধ্যমে। আবার ইনফরমালও হতে পারে, অর্থাৎ রাজনৈতিক দল, ইতিহাসবিদ ও সুশীল সমাজের মধ্যকার আলোচনার মাধ্যমে। পথ যেটিই হোক, লক্ষ্য একটাই : বিতর্কের অবসান ঘটিয়ে একটি সর্বজনগ্রাহ্য সমন্বিত অবস্থানে পৌঁছানো।
বাংলাদেশ জাতিরাষ্ট্রের নতুন সরকার নানা ধরনের সমন্বয় এবং জাতীয় ঐক্যের চেষ্টা করছে। আমরা চাই, সেই চেষ্টার মধ্যে এই অমীমাংসিত বিষয়টিও স্থান পাক। জাতীয় ঐক্য কেবল রাজনৈতিক দলগুলোর মধ্যকার সমঝোতা নয়, এর ভিত্তি রয়েছে ইতিহাসের প্রতি সম্মিলিত শ্রদ্ধায়। যে জাতি তার প্রতিষ্ঠা পুরুষদের নিয়ে প্রতিনিয়ত বিতর্কে জড়িয়ে থাকে, সে জাতি তার ভবিষ্যৎ নির্মাণে পূর্ণ শক্তি প্রয়োগ করতে পারে না। ইতিহাস কেবল অতীত নয়, বর্তমানের পথনির্দেশকও। প্রতিষ্ঠা পুরুষদের প্রতি সম্মিলিত সম্মান জাতিকে আত্মবিশ্বাস দেয়, বিভাজনের সুযোগ কমায় এবং ভবিষ্যতের দিকে একসাথে এগিয়ে যাওয়ার ভিত্তি তৈরি করে। একটি জাতির প্রতিষ্ঠার ইতিহাসকে সমন্বিত ও সর্বজনগ্রাহ্য রূপ দেয়া তাই আমাদের জাতীয় কর্তব্য। এই অমীমাংসিত অধ্যায়কে মীমাংসিত করার দায়িত্ব এখন আমাদেরই।
লেখক : অধ্যাপক (অব:), সরকার ও রাজনীতি বিভাগ,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
Mal55ju@yahoo.com
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








