
সুনামগঞ্জের তাহিরপুরের সুলেমানপুর সড়কে অটোরিকশা উল্টে সেটির নিচে চাপা পড়ে ফরিদ আহমদ (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় সাইফুল ইসলামসহ (৪৫) কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ফরিদ আহমদ উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের নোয়াবন্দ গ্রামের মরহুম সুরুজ আলীর ছেলে। অন্যদিকে আহত সাইফুল ইসলাম একই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় তাহিরপুর উপজেলা সদর থেকে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের সামনে দিয়ে অটোরিকশায় করে ছাদে ঢেউটিন নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। পথে উঁচু স্থানে উঠতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি উল্টে যায়। এতে অটোরিকশার নিচে চাপা পড়ে ফরিদ আহমদ ও সাইফুল ইসলামসহ কয়েকজন গুরুতর আহত হন।
পরে তাদের সাথে থাকা লোকজন আহতদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফরিদ আহমদকে মৃত ঘোষণা করেন।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত উপসহকারী মেডিক্যাল অফিসার ফয়েজ আহমদ নূরী জানান, আহত ফরিদ আহমদ মারা গেছেন। অপর আহত সাইফুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








