প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউইয়র্কের উদ্দেশে বাংলাদেশ সময় সোমবার সকালে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান সংগৃহীত

জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

তার সাথে রয়েছেন সহধর্মিণী ডা: জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এরই মধ্যে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ দেয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তাকে স্বাগত জানাতে জেএফকে বিমানবন্দরের টার্মিনাল-৮ এলাকায় আনন্দ ও স্বাগত মিছিলের আয়োজন করেন দলটির নেতাকর্মীরা।

যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন। মিছিলে রঙ-বেরঙের পোস্টার, ব্যানার, ফেস্টুন, বাংলাদেশের জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা নিয়ে নেতাকর্মীদের অংশ নিতে দেখা যায়।

এ সময় ‘স্বাগত হে তারেক রহমান’, ‘নিউইয়র্কে তারেক রহমান, স্বাগতম স্বাগতম’সহ বিভিন্ন স্লোগানে বিমানবন্দর এলাকা মুখরিত হয়ে ওঠে। করতালি ও উল্লাসের মাধ্যমে তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

আনন্দ মিছিলের আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে যুক্তরাষ্ট্র বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন, গিয়াস আহমেদ, আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, নিউ ইংল্যান্ড বিএনপির সভাপতি সৈয়দ বদরে আলম সাইফুল, ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু, নিউইয়র্ক মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, তারেক রহমানের এ সফর বাংলাদেশী কমিউনিটির জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তাদের ভাষ্য, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক সমৃদ্ধি এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তার নেতৃত্ব প্রবাসীদের অনুপ্রাণিত করেছে।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কে অবস্থান করবেন তিনি। সফরের অন্যতম প্রধান কর্মসূচি ২৪ সেপ্টেম্বর জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে তার ভাষণ।

এর আগে সোমবার সকালে তুর্কি এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। ইস্তাম্বুলে প্রায় ২ ঘণ্টা ৩৫ মিনিট যাত্রাবিরতির পর নিউইয়র্কের উদ্দেশে আবার যাত্রা করে তার বহনকারী বিমান।