আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে খাগড়াছড়িতে জামায়াতের বিক্ষোভ
খাগড়াছড়ি জেলা জামায়াত এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে। নয়া দিগন্ত
ads

সন্ত্রাস, নাশকতা প্রতিরোধ ও দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। খাগড়াছড়ি জেলা জামায়াত এ মিছিল ও সমাবেশ আয়োজন করে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে শাপলা চত্তর থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে মুক্ত মঞ্চে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের জেলা আমির মিনহাজুর রহমান, জামায়াত নেতা অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, জেলা সেক্রেটারি মো: ইউসুফ, ছাত্রশিবিরের জেলা সভাপতি আব্দুর সাত্তার প্রমুখ।

বক্তারা বলেন, গত ১৭ বছরে বাংলাদেশে এমন কোনো অপরাধ নেই, যেটা আওয়ামী লীগ করেনি। শেখ হাসিনার নেতৃত্বে এ দেশের ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। হেলিকপ্টার ব্যবহার করে শিশুদেরকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের সব ষড়যন্ত্রকে প্রতিহত করবে। 

এসময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমান সরকার জনগণের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ব্যর্থতার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তারা। 

ডাকসু ভিপি সাদিয় কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ৪ জন আসামি চিহ্নিত করা গেলেও তাদের আটক করতে না পারায় প্রশাসনের ব্যর্থতার জন্য ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। এছাড়াও তাদের দ্রুত আটক করে আইনের আওতায় এনে শাস্তি দাবি জানান।