
সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের বাইরে মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। কিন্তু সেই হুঁশিয়ারির পরও মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য যেতে আগ্রহীদের কাছ থেকে সাড়ে ৭ লাখ থেকে ৮ লাখ টাকা দাবি করার অভিযোগ উঠেছে। সরকার নির্ধারিত এক লাখ ৫৪ হাজার টাকার তুলনায় এই অর্থ প্রায় পাঁচ গুণ। সম্প্রতি অতিরিক্ত টাকা দাবির অভিযোগে একজন বিদেশগামী কর্মী মন্ত্রীর দফতরে লিখিত আবেদন করে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। অভিযোগের পর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট শাখা তদন্ত শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযোগকারীর দাবি, সাধারণ কর্মীদের স্বল্প খরচে বিদেশে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে, যাতে তারা দালালচক্র ও অতিরিক্ত অর্থের চাপ থেকে মুক্ত থাকতে পারেন। তবে শুধু একজন কর্মীর কাছেই নয়, মালয়েশিয়ায় বেসরকারিভাবে যেতে আগ্রহী অনেকের কাছ থেকেই একই ধরনের অর্থ নানা কৌশলে দাবি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, সরকার নির্ধারিত এক লাখ ৫৪ হাজার টাকায় মালয়েশিয়া যাওয়ার ব্যবস্থা নেই বলে কর্মীদের বোঝাচ্ছেন কিছু রিক্রুটিং এজেন্সি ও তাদের মনোনীত মধ্যস্বত্বভোগীরা। তাদের বক্তব্য, নির্ধারিত ব্যয়ের অঙ্কটি শুধু আনুষ্ঠানিকভাবে বলা হয়। অথচ মালয়েশিয়ার পক্ষ থেকে ঘোষণা রয়েছে, বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে যাওয়া কর্মীদের বিমানভাড়া, কলিং ভিসা ও সিন্ডিকেটের সংশ্লিষ্ট খরচ তারা বহন করবে; কর্মীদের কোনো অর্থ দিতে হবে না। এ অবস্থায় কর্মীদের কাছ থেকে কেন ৮ লাখ টাকা দাবি করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এক ভিডিও বার্তায় বলেছেন, সরকার নির্ধারিত ব্যয়ের বাইরে কোনো এজেন্সি অতিরিক্ত টাকা চাইলে প্রমাণসহ লিখিতভাবে মন্ত্রণালয়কে জানাতে হবে। বিদেশে যাওয়ার জন্য অর্থ লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে করারও পরামর্শ দিয়েছেন তিনি।
অভিযান শুরু, তদন্ত চলছে : গত মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট শাখার এক দায়িত্বশীল কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে নয়া দিগন্তকে বলেন, সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের বাইরে কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ দাবি, স্বাস্থ্য পরীক্ষার নামে টাকা আদায়সহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। তিনি জানান, সোমবার ঢাকার পল্টন টাওয়ারে চাঁদ ট্র্যাভেলসে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের কথিত মালিককে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগও রয়েছে।
ওই কর্মকর্তা বলেন, অতিরিক্ত অভিবাসন ব্যয় আদায়কারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর সিদ্ধান্ত হয়েছে। কর্মীদের কাছ থেকে বাড়তি টাকা নেয়া, প্রতারণা ও জালিয়াতির অভিযোগে ইতোমধ্যে আড়াই শতাধিক রিক্রুটিং এজেন্সির মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। প্রাথমিকভাবে এসব প্রতিষ্ঠানের লাইসেন্সসংক্রান্ত কার্যক্রম বন্ধ রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ ও অনিয়মের তথ্য সংগ্রহ করে তদন্ত চলছে। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্স বাতিল ও জামানত প্রত্যাহার করা হবে।
মন্ত্রীর দফতরে লিখিত অভিযোগ : গত ২২ নভেম্বর প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে ‘মালয়েশিয়ার কলিং ভিসার নামে ৮ লাখ টাকা দাবির বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ’ শীর্ষক একটি আবেদন জমা দেয়া হয়। আবেদনটি মন্ত্রণালয়ের নথিতে আপলোড করার পর অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট শাখা তদন্ত শুরু করে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অভিযোগকারী সায়মন আহমদ লিমন লিখিত আবেদনে জানান, পরিবারের আর্থিক অবস্থার উন্নতি ও ভবিষ্যৎ গড়ার আশায় তিনি মালয়েশিয়ায় কাজের চেষ্টা করছেন। এ উদ্দেশ্যে বনানীর ফায়াজ ইন্টারন্যাশনাল (আরএল-২৮২৪) রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করলে প্রতিষ্ঠানটির মালিক রাকিব খান কলিং ভিসায় তাকে পাঠানোর জন্য ৮ লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ করেন তিনি।
লিমন বলেন, একজন সাধারণ কর্মজীবী মানুষের পক্ষে এত টাকা জোগাড় করা অত্যন্ত কঠিন। আর্থিক সঙ্কটের মধ্যেও বিদেশে কাজের স্বপ্ন দেখেন অনেকেই। কিন্তু অতিরিক্ত অর্থ দাবির কারণে সেই সুযোগ কঠিন হয়ে পড়ছে। সরকার নির্ধারিত ব্যয়ের বাইরে কেন এত টাকা চাওয়া হচ্ছে, কোন খাতে কত অর্থ ব্যয় হবে এবং এই অর্থ নেয়ার সরকারি অনুমোদন আছে কি না— এসব বিষয় কর্মীদের জানা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেন তিনি। গত মঙ্গলবার দুপুরে ফায়াজ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাকিব খানের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তার দু’টি মোবাইল নম্বরই বন্ধ পাওয়া যায়।
সিন্ডিকেট নিয়ে ব্যবসায়ীদের অভিযোগ : শেষ সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়াগামী কর্মীদের অভিবাসন ব্যয় নিয়ে আলোচনায় একজন কর্মীর ব্যয় সর্বোচ্চ ২ লাখ টাকার মধ্যে রাখার বিষয়ে মত দেন। এর আগে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অভিবাসন ব্যয় এক লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করে। জনশক্তি ব্যবসায়ীদের সংগঠন বায়রার নেতাদের অভিযোগ, সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে বড় বাধা মালয়েশিয়ায় থাকা সিন্ডিকেটের উদ্যোক্তা দাতো শ্রী আমিন নুর ও তার এদেশীয় ব্যবসায়িক অংশীদার রুহুল আমিন স্বপন। তাদের গড়ে তোলা সিন্ডিকেটের মাধ্যমে প্রত্যেক কর্মীর নামে আগাম ৫ হাজার রিঙ্গিত বা বাংলাদেশী মুদ্রায় এক লাখ ৬৫ হাজার টাকা ‘আন্ডারহ্যান্ডলিং মানি’ হিসেবে হুন্ডিতে নেয়া হচ্ছে বলে তারা দাবি করেন। এ সিন্ডিকেট ভাঙতে জনশক্তি ব্যবসায়ীদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে চেষ্টা করলেও সফল হতে পারেননি বলে তাদের বক্তব্য।
এ দিকে মালয়েশিয়ায় একজন কর্মীর চাহিদাপত্র ৮ থেকে ১০ হাজার রিঙ্গিতে, বাংলাদেশী মুদ্রায় প্রায় তিন লাখ টাকায় বিক্রি হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। ব্যবসায়ীদের মতে, এটিও শ্রমবাজারের জন্য বড় হুমকি। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে আগের সরকারের সময়ে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। এরপর চুক্তিটি নবায়ন করা হবে, নাকি নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে— তা নিয়ে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









