গাদি আইজেনকোট (বাঁয়ে) ও বেনিয়ামিন নেতানিয়াহু
গাদি আইজেনকোট (বাঁয়ে) ও বেনিয়ামিন নেতানিয়াহু। সংগৃহীত
ads

ইসরাইলের পরবর্তী সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট এবং ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়াইর গোলান একটি জোট চুক্তি স্বাক্ষর করতে সম্মত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুই দলের এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির পাওয়া ওই যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোট এবং ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান ইয়াইর গোলান দুই দলের মধ্যে একটি জোট চুক্তি স্বাক্ষর করতে সম্মত হয়েছেন।’ তবে চুক্তির শর্তাবলি কী, সে বিষয়ে দল দুটি কোনো তথ্য প্রকাশ করেনি।

সরকার গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে আভিগদর লিবারম্যানের নেতৃত্বাধীন ‘ইসরাইল বেইতেইনু’ দলের সাথে সমঝোতায় পৌঁছানোর কয়েক দিন পরই আইজেনকোটের পক্ষ থেকে এই ঘোষণা এলো। এটি হতে যাচ্ছে জোট গঠনে আইজেনকোটের দ্বিতীয় চুক্তি।

উল্লেখ্য, ইসরাইলের রাজনীতিতে জোট চুক্তির মাধ্যমে সরকারে দলগুলো কীভাবে একসাথে কাজ করবে, তাদের প্রতিশ্রুতি কী হবে এবং দেশটির পার্লামেন্ট ‘নেসেটে’ নীতি, আইন প্রণয়ন ও ভোটাভুটির ক্ষেত্রে তারা কীভাবে সমন্বয় করবে, তা নির্ধারণ করা হয়।

বর্তমানে ইসরাইলের ‘চেঞ্জ ব্লক’ জোটের অন্তর্ভুক্ত দলগুলো হলো—আইজেনকোটের ইয়াশার, লিবারম্যানের ইসরাইল বেইতেইনু, নাফতালি বেনেটের টুগেদার পার্টি এবং গোলানের ডেমোক্র্যাটস পার্টি। ১২০ আসনের নেসেটে এ জোটের হাতে বর্তমানে ৪৮টি আসন রয়েছে। ‘ইউনাইটেড তোরাহ জুডাইজম’ এবং ‘শাস’ (Shas) পার্টির সমর্থন পেলে জোটটি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে।

অন্যদিকে, নেসেটে ১৯টি আসনের অধিকারী আরব দলগুলো জানিয়েছে, বেনিয়ামিন নেতানিয়াহুকে নতুন সরকার গঠন থেকে বিরত রাখতে তারা আইজেনকোটের নেতৃত্বাধীন সরকারকে পার্লামেন্টারি সমর্থন দিতে প্রস্তুত রয়েছে।

সরকার গঠনের জন্য গাদি আইজেনকোটের হাতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। তবে প্রয়োজনে তিনি ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের কাছে এককালীন ১৪ দিনের সময় বাড়ানোর আবেদন করতে পারবেন।