হত্যা
নিহত হৃদয় কুমার হরিজন (৩৫)। নয়া দিগন্ত

সিলেট নগরীতে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় হৃদয় কুমার হরিজন (৩৫) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

Advertisement

রোববার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে নগরীর কাষ্টঘরস্থ সুইপার কলোনি এলাকায় এই ঘটনা ঘটে। 

হৃদয় সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, রোববার রাতে নগরীর কাস্টঘর এলাকায় হৃদয়ের স্ত্রী পিংকী রানীর ছবি তুলছিলেন আমিন নামের এক ব্যক্তি। বিষয়টি দেখে হৃদয় প্রতিবাদ করলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আমিন মুঠোফোনে আরো কয়েকজনকে ডেকে আনেন। পরে তারা হৃদয়কে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হৃদয়ের ছোট ভাই অজয় কুমার হরিজন অভিযোগ করেন, আমিনসহ কয়েকজন মিলে তার ভাইকে হত্যা করেছেন। ভাবির ছবি তোলার প্রতিবাদ করায় এ ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।

সোমবার (১২ অক্টোবর) এর সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের মিডিয়ার অতিরিক্ত দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আফজাল হোসাইন জানান, ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।