রিন্টু আনোয়ার
রিন্টু আনোয়ার। নয়া দিগন্ত
ads

বাংলাদেশের বহির্বাণিজ্য মূলত সমুদ্রপথের ওপর নির্ভরশীল। দেশের প্রধান দুই সমুদ্রবন্দর—চট্টগ্রাম ও মোংলার গভীরতার সীমাবদ্ধতার কারণে বড় আকারের পণ্যবাহী জাহাজ সরাসরি উপকূলে ভিড়তে পারে না। বাংলাদেশের আমদানি-রফতানি বাণিজ্যের কনটেইনারগুলোর একটি বড় অংশকে কলম্বো, সিঙ্গাপুর বা পোর্ট ক্লাংয়ের মতো বিদেশি ট্রানশিপমেন্ট বন্দরগুলোর ওপর নির্ভর করতে হয়। ফিডার জাহাজের মাধ্যমে পণ্য আনার এই দীর্ঘ প্রক্রিয়ায় দেশের ব্যবসায়ীদের অতিরিক্ত সময়, বাড়তি মাশুল এবং সরবরাহ ব্যবস্থার নিরাপত্তাহীনতার মূল্য চোকাতে হয়। এই কাঠামোগত দুর্বলতা কাটিয়ে ওঠার জন্যই একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণ ছিল জোরালো অর্থনৈতিক দাবি। এই দাবির পরিপ্রেক্ষিতেই কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়, যা এখন আন্তর্জাতিক ভূরাজনীতি এবং আঞ্চলিক কৌশলগত হিসাব-নিকাশের অন্যতম ভরকেন্দ্রে পরিণত হয়েছে।

শুরু থেকে এখানে গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা ছিল না। ২০১৪ সালে বাংলাদেশ ও জাপানের মধ্যে মূলত একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছিল। সমুদ্র থেকে প্রায় ১৪ কিলোমিটার ভেতরে মাতারবাড়ীতে এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ শুরু হয় ২০১৭ সালে। বিদ্যুৎকেন্দ্রে নিরবচ্ছিন্ন কয়লা সরবরাহের সুবিধার্থে সমুদ্রের তীর থেকে মাটি খনন করে ২৫০ মিটার প্রশস্ত ও ১৪ কিলোমিটার দীর্ঘ একটি কৃত্রিম নৌ-চ্যানেল তৈরির উদ্যোগ নেয়া হয়। ঠিক এই পর্যায়েই জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) একটি প্রাক-সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন করে। সংস্থাটির কারিগরি মূল্যায়নে উঠে আসে, কয়লা পরিবহনের জন্য নির্মিত এই চ্যানেলটির নকশায় সামান্য পরিবর্তন এনে এর দক্ষিণ পাশে একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা সম্ভব। জাইকার যুক্তির মূল ভিত্তি ছিল জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং একই চ্যানেলকে দুটি মেগা প্রকল্পের জন্য ব্যবহার করে নির্মাণ ব্যয় সাশ্রয় করা। সরকার এই কারিগরি প্রস্তাব গ্রহণ করে। একটি বিদ্যুৎকেন্দ্রের জন্য খনন করা নৌ-চ্যানেলকে ঘিরে ধাপে ধাপে গভীর সমুদ্রবন্দর এবং পরবর্তী সময়ে একটি শিল্পাঞ্চল গড়ে তোলার পরিকল্পনা সামনে আসে।

এর পেছনে রয়েছে জাপানের অর্থনৈতিক কৌশল, যা ‘বিগ-বি’ বা ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ইনিশিয়েটিভ’ নামে পরিচিত। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বঙ্গোপসাগরীয় অঞ্চলকে কেন্দ্র করে বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় একটি সমন্বিত শিল্প, বাণিজ্য, জ্বালানি ও যোগাযোগ অবকাঠামো গড়ে তোলা। এই পরিকল্পনার ব্লু-প্রিন্ট অনুযায়ী, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে গড়ে উঠবে এলএনজি টার্মিনাল, আধুনিক পরিবহন ব্যবস্থা এবং আন্তর্জাতিক মানের শিল্পাঞ্চল। এটি একটি সাধারণ বন্দর থেকে রূপান্তরিত হয়ে বৈশ্বিক বাণিজ্যের প্রধান ট্রানজিট হাব হিসেবে আত্মপ্রকাশ করবে। সম্প্রতি সরকারের প্রধানের জাপান সফরের পর এই বিগ-বি উদ্যোগটি গতি পেয়েছে। দুই দেশের শীর্ষ নেতৃত্বের যৌথ ঘোষণায় আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা বা কানেক্টিভিটির উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ ও ভূরাজনৈতিক ঝুঁকি মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে বিনিয়োগ আকর্ষণের ওপর বিশেষ জোর দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক দশকের মধ্যে এই পুরো অঞ্চলকে ঘিরে প্রায় ৬০ থেকে ৬৫ বিলিয়ন ডলারের দেশি-বিদেশি বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে, যার ফলে কর্মসংস্থান সৃষ্টি হতে পারে প্রায় ২৮ লাখ মানুষের।

তবে এই অর্থনৈতিক সম্ভাবনার আড়ালে লুকিয়ে আছে কিছু ভূরাজনৈতিক ও কৌশলগত প্রশ্ন, যা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য সতর্কতার দাবি রাখে। গভীর সমুদ্রবন্দরের মতো মেগা অবকাঠামো রাষ্ট্রের দীর্ঘমেয়াদি কৌশলগত অবস্থান নির্ধারণের প্রধান হাতিয়ার। মাতারবাড়ী প্রকল্পের শুরু থেকেই ভারতের সম্পৃক্ততার বিষয়টি আলোচিত হয়ে আসছে। জাপানের বিগ-বি উদ্যোগের প্রাথমিক ধারণাতেই বাংলাদেশ ছাড়াও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো, নেপাল, ভুটান এবং মিয়ানমারকে নিয়ে একটি বৃহত্তর আঞ্চলিক বাজার গড়ে তোলার রূপরেখা ছিল। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো ভৌগোলিকভাবে মূল ভূখণ্ডের সাথে অত্যন্ত সংকীর্ণ একটি স্থলপথ (শিলিগুড়ি করিডোর) দ্বারা যুক্ত। বাংলাদেশের ভূখণ্ড এবং বন্দরসুবিধা ব্যবহার করতে পারলে ওই অঞ্চলের পণ্য পরিবহন ও বাণিজ্য বহুগুণ সহজ ও সাশ্রয়ী হবে। ফলে মাতারবাড়ী বন্দর ভারতের জন্য একটি কৌশলগত ‘গেম চেঞ্জার’ হতে পারে।

সম্প্রতি বাংলাদেশ ও জাপানের যৌথ ঘোষণায় কানেক্টিভিটি বা আঞ্চলিক যোগাযোগব্যবস্থার কথা উল্লেখ করা হলেও সরাসরি ভারত বা অন্য কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করা হয়নি। তবে আঞ্চলিক বাণিজ্যকেন্দ্র হিসেবে মাতারবাড়ীকে গড়ে তোলার যে ভিশন সেখানে প্রতিফলিত হয়েছে, তাতে এটি স্পষ্ট যে, এই প্রকল্প কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যবহারের জন্য সীমাবদ্ধ থাকছে না। এই বিন্দুতে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে একটি স্পর্শকাতর বিতর্কের জন্ম হয়েছে। বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিরা প্রশ্ন তুলেছেন যে, কানেক্টিভিটির আড়ালে ভারতকে কোনো বিশেষ বা শর্তহীন করিডোর সুবিধা দেওয়া হচ্ছে কি না। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, অসম ট্রানজিট চুক্তি বা বন্দর ব্যবহারের শর্তহীন সুবিধা রাষ্ট্রের সার্বভৌম নিয়ন্ত্রণকে প্রশ্নের মুখে ফেলে দেয়। অর্থনৈতিকভাবে একটি বৃহত্তর আঞ্চলিক বাজার তৈরির ধারণা অবশ্যই ইতিবাচক; কিন্তু এ ধরনের কোনো উদ্যোগ চূড়ান্ত করার আগে দেশের অভ্যন্তরে একটি সুদৃঢ় রাজনৈতিক ঐকমত্য এবং জাতীয় স্বার্থ সুরক্ষার শতভাগ আইনি গ্যারান্টি থাকা আবশ্যক। বাংলাদেশ ও জাপানের যৌথ ঘোষণায় ‘মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক’ অঞ্চলে গুরুত্ব দেয়া হয়েছে, যা যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত উদ্যোগ এবং যেখানে জাপান অন্যতম প্রধান অংশীদার। অন্যদিকে চীন এই উদ্যোগটিকে নিজেদের প্রভাব বলয় সীমিত করা এবং চারপাশ থেকে ঘিরে ফেলার একটি মার্কিন ও মিত্রদের ছক হিসেবে বিবেচনা করে। বাংলাদেশের অর্থনীতিতে চীনের বিপুল বিনিয়োগ এবং কৌশলগত অংশীদারত্বের ইতিহাস রয়েছে। দেশের অনেক মেগা প্রকল্প ও বন্দর উন্নয়নে চীনের সরাসরি অংশগ্রহণ রয়েছে। আবার জাপানও বাংলাদেশে তাদের অর্থনৈতিক ও কৌশলগত উপস্থিতি ব্যাপকভাবে বাড়াতে আগ্রহী। এমন জটিল পরাশক্তির প্রতিযোগিতার প্রেক্ষাপটে মাতারবাড়ীতে জাপানের এই বিশাল বিনিয়োগকে চীন কীভাবে মূল্যায়ন করবে এবং তার প্রতিক্রিয়া কী হবে, সেটি বাংলাদেশের কূটনীতির জন্য একটি বড় অ্যাসিড টেস্ট।

মাতারবাড়ী প্রকল্পের অর্থনৈতিক ও পরিবেশগত স্থায়িত্ব নিয়েও নির্মোহ বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। প্রকল্পের অনুমোদিত ব্যয় এবং সংশোধিত ব্যয়ের মধ্যে ইতোমধ্যে প্রায় ৩৭ শতাংশের বৃদ্ধি ঘটেছে। এর সাথে যুক্ত হয়েছে ড্রেজিং বা খনন কাজের দীর্ঘমেয়াদি ও নিয়মিত ব্যয়ের শঙ্কা। প্রাকৃতিক গভীরতা না থাকায় মাতারবাড়ীর ১৬ মিটার গভীরতার চ্যানেলটিকে নাব্য রাখতে হলে প্রতি বছর বিপুল মেন্টেন্যান্স ড্রেজিং করতে হবে। অতীতের বিভিন্ন বন্দর প্রকল্পের অভিজ্ঞতা আমাদের সতর্ক করে, ড্রেজিংয়ের এই চক্রাকার ব্যয় অনেক সময় প্রকল্পের মূল অর্থনৈতিক লাভকে খেয়ে ফেলে। প্রত্যাশিত মাত্রায় দেশি-বিদেশি কার্গো বা পণ্যবাহী জাহাজ যদি এই বন্দরে না ভিড়ে, তবে ঋণের কিস্তি এবং পরিচালন ব্যয়ের বোঝা সাধারণ করদাতাদের ঘাড়েই এসে পড়বে। এ ছাড়া কয়লাভিত্তিক অবকাঠামো দিয়ে শুরু হওয়া এই প্রকল্প বিশ্বব্যাপী চলমান সবুজ জ্বালানি রূপান্তরের যুগে কতটুকু টেকসই হবে, সেটিও বড় চিন্তার বিষয়। এসব বহুমুখী চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের করণীয় কী হতে পারে, তা সতর্কতার সাথে নির্ধারণ করতে হবে। প্রথমত এবং প্রধানত, জাতীয় স্বার্থকে ঊর্ধ্বে রেখে ‘কৌশলগত নিরাপত্তা ও আঞ্চলিক যোগাযোগ নীতিমালা’ প্রণয়ন করা জরুরি। বন্দর চালুর আগেই এমন আইনি কাঠামো দাঁড় করাতে হবে যেখানে জাতীয় মালিকানা, সাইবার নিরাপত্তা এবং কৌশলগত নিরপেক্ষতার বিষয়টি দ্ব্যর্থহীনভাবে নিশ্চিত করা থাকে। বিদেশি কোনো রাষ্ট্র বা প্রতিষ্ঠানকে ট্রানজিট বা করিডোর সুবিধা দেওয়ায় বাণিজ্যিক ও সামরিক প্রবেশাধিকারের মধ্যে আইনি সীমারেখা টানতে হবে। বন্দরটি যেন কোনোভাবেই আঞ্চলিক পরাশক্তিগুলোর সামরিক বা কৌশলগত লজিস্টিক করিডোরে পরিণত না হয়, সে বিষয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে কঠোর নজরদারি থাকতে হবে।

দ্বিতীয়ত, ভূরাজনৈতিক ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশকে অত্যন্ত পরিপক্ব কূটনীতির পরিচয় দিতে হবে। কোনো নির্দিষ্ট ব্লকের দিকে অতিরিক্ত হেলে না পড়ে চীন, জাপান, ভারত এবং যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের একটি সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করতে হবে। জাপানের বিনিয়োগকে যেমন স্বাগত জানাতে হবে, তেমনি চীনের সাথে উন্নয়ন অংশীদারত্ব অব্যাহত রাখতে হবে। ভারতের বিশাল বাজারকে কাজে লাগানোর অর্থনৈতিক সুযোগ যেমন গ্রহণ করতে হবে, তেমনি শর্তহীন সুবিধা দিয়ে নিজেদের দর-কষাকষির ক্ষমতাও হারানো যাবে না। সরকারের শীর্ষ পর্যায় থেকে ইতোমধ্যে আশ্বস্ত করা হয়েছে যে, মাতারবাড়ী বন্দর সবার জন্য উন্মুক্ত থাকবে এবং বাংলাদেশের স্বার্থ বিবেচনা করেই যেকোনো দেশের বিনিয়োগ প্রস্তাব গ্রহণ করা হবে। এই নীতিগত অবস্থানটিকে বাস্তবে রূপ দেয়াই হবে আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তৃতীয়ত, বিশাল এই বিদেশি ঋণের বোঝা যেন দেশের অর্থনীতির জন্য মরণফাঁদ না হয়ে দাঁড়ায়, সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। ঋণ পরিশোধের সক্ষমতা, প্রকল্পের রিটার্ন এবং দেশীয় উদ্যোক্তাদের এই প্রকল্পে সম্পৃক্ত করার একটি সুস্পষ্ট রূপরেখা থাকতে হবে। বিদেশী বিনিয়োগের সাথে যেন প্রযুক্তি হস্তান্তর এবং স্থানীয় জনবলের দক্ষতা বৃদ্ধির বিষয়টি বাধ্যতামূলক থাকে, তা নিশ্চিত করতে হবে।

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর দেশের সমুদ্রনির্ভর বাণিজ্যের চেহারা বদলে দিতে পারে, তেমনি আঞ্চলিক সংযোগের একটি মূল হাব হিসেবেও আবির্ভূত হতে পারে; কিন্তু এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে একটি নিরেট জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা প্রয়োজন। ভূরাজনীতির উত্তাল সমুদ্রে নিজেদের নৌকার হাল শক্ত হাতে ধরে রেখে, জাতীয় সার্বভৌমত্ব ও অর্থনৈতিক সুরক্ষার আইনি প্রাচীর মজবুত করেই কেবল বাংলাদেশ এই মাতারবাড়ী প্রকল্প থেকে তার কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে পারবে।

লেখক : সাংবাদিক ও কলামিস্ট

rintuanowar.com