
বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের বিকাশ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করা এবং সংসদীয় কার্যক্রমের মানোন্নয়নে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
আন্তর্জাতিক সংসদীয় সংস্থাগুলোর সাথে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সংসদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশ কাজ করতে চায় বলে জানিয়েছেন তিনি।
যুক্তরাজ্য পার্লামেন্টে গত শুক্রবার সিপিএ মহাসচিব স্টিফেন টুইগের সাথে বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন চিফ হুইপ। বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের সাথে সিপিএর চলমান ও ভবিষ্যৎ সহযোগিতা সম্প্রসারণ, সংসদীয় কার্যক্রমের উৎকর্ষ সাধন এবং আন্তর্জাতিক সংসদীয় পরিমণ্ডলে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়।
বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন নূরুল ইসলাম মনি। তিনি পতিত আওয়ামী শাসনব্যবস্থার রাজনৈতিক প্রেক্ষাপট, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও গণতান্ত্রিক কাঠামোর ওপর তার প্রভাব এবং সাম্প্রতিক পরিবর্তনের বিভিন্ন দিক সিপিএ মহাসচিবকে অবহিত করেন। এর মাধ্যমে বাংলাদেশের অতীত রাজনৈতিক বাস্তবতা ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে সিপিএ মহাসচিবকে ধারণা দেয়ার চেষ্টা করা হয়।
চিফ হুইপ বলেন, ‘গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, সংসদীয় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানো বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এসব লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সংসদীয় সংস্থাগুলোর সাথে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অক্ষুণ্ণ রেখে বিশ্বের বিভিন্ন দেশের সংসদের সাথে পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরো সুদৃঢ় করতে চায় জাতীয় সংসদ।’
বৈঠকে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি, সংসদীয় গণতন্ত্রের চর্চা, আইন প্রণয়ন প্রক্রিয়ার মানোন্নয়ন এবং সংসদ সদস্যদের দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও আলোচনা হয়।
সিপিএ মহাসচিব স্টিফেন টুইগ বাংলাদেশের জাতীয় সংসদের সাথে সংস্থাটির সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন। একইসাথে সংসদীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন তিনি।
বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে সহযোগিতা আরো সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সংসদীয় পরিমণ্ডলে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সংসদীয় গণতন্ত্রের বিকাশ ও প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের যোগাযোগ ভবিষ্যৎ সহযোগিতার পথ সুগম করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









