নাটোর, নলডাঙ্গা, ককটেল উদ্ধার, অবিস্ফোরিত ককটেল, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, এসআরবি, সহকারী পুলিশ সুপার, বোমা নিষ্ক্রিয়করণ দল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান
পরিত্যক্ত অবস্থায় ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। নয়া দিগন্ত
ads

নাটোরের নলডাঙ্গায় পরিত্যক্ত অবস্থায় ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫ (এসআরবি)। 

রোববার (২২ নভেম্বর) সকালে এসআরবি-৫ রাজশাহী সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার তন্ময় বিশ্বাসের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসআরবি-৫, রাজশাহী সূত্রে জানা গেছে, শনিবার রাত দেড়টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নলডাঙ্গা থানার পাটুল নীচা বাজার থেকে খোলাবাড়িয়াগামী সড়ক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সড়কের পশ্চিম পাশে একটি ওয়াচ টাওয়ারের সিঁড়ির নিচে সাদা রঙের একটি বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে নির্দেশনা অনুযায়ী এসআরবির সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছায়।

পরে রাত সাড়ে ৩টার দিকে বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় স্থানীয় লোকজনের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে সেগুলো বিধি অনুযায়ী জব্দ করা হয়। তবে কে বা কারা এই ককটেলগুলো এ জায়গায় রেখে গেছে তা জানা যায়নি। এ ঘটনায় কাউকে আটক করাও সম্ভব হয়নি।