টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব
ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব। ফাইল ছবি
ads

বর্তমানে ভারতীয় দলের বাইরে আছেন টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি জানিয়েছেন, এটি তার জন্য খুবই কষ্টকর। যাদব বলেন, ভারতীয় দলের বাইরে থাকা কষ্টের। তবে সুড়ঙ্গের শেষ প্রান্তে সব সময়ই আলো থাকে।

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের পর ভারতকে নেতৃত্ব দেয়া সূর্যকুমারকে বিতর্কিতভাবে জাতীয় দল থেকে বাদ দেয়া হয়। বর্তমানে ঘরোয়া ক্রিকেটে সময়টা উপভোগ করছেন মুম্বাইয়ের এই ক্রিকেটার।

সাংবাদিকদের সূর্যকুমার বলেন, ‘অবশ্যই ভারতীয় দলের বাইরে থাকা কষ্টের। আপনি টানা পাঁচ বছর খেলেছেন, এরপর হঠাৎ করে ভারতের হয়ে খেলা হচ্ছে না, এটা কষ্ট দেয়। তবে খেলাটাই এমন। এই খেলা আপনাকে অনেক কিছু শেখায়। গত দুই বছর এবং আইপিএলের পরও ক্রিকেট আমাকে অনেক কিছু শিখিয়েছে। অনেক কিছু শেখার আছে। আর যেমনটা বলা হয়, সুড়ঙ্গের শেষ প্রান্তে সব সময়ই আলো থাকে। ততক্ষণ পর্যন্ত খেলা চালিয়ে যেতে হবে।’

ভবিষ্যৎ নিয়ে খুব বেশি দূর ভাবছেন না জানিয়ে সূর্যকুমার জানান, আপাতত হাতের কাজেই মনোযোগ দিচ্ছেন তিনি।

তিনি বলেন, ‘আইপিএল এখনো অনেক দূরে। এর মধ্যে আরো অনেক টুর্নামেন্ট রয়েছে। সৈয়দ মুশতাক আলী ট্রফির পর বিজয় হাজারে ট্রফি এবং এরপর রঞ্জি ট্রফির দ্বিতীয় পর্ব রয়েছে। তাই আইপিএল এখনো অনেক দূরে। এই মুহূর্তে আমি শুধু সুপার লিগে মনোযোগ দিচ্ছি। প্রতিটি ম্যাচ জিততে চাই এবং এরপর অবশ্যই ফাইনাল জিততে চাই।’

খারাপ ফর্মের কারণে অধিনায়কত্ব হারালেও নিজের ব্যাটিংয়ে কোনো সমস্যা ছিল না বলে মনে করেন তিনি।

সূর্যকুমার বলেন, ‘আমার মনে হয় না ব্যাটিংয়ে কোনো ভুল হয়েছে। গত পাঁচ বছর ধরে আমি একইভাবে খেলছি। সব জায়গায় ব্যাটিং উপভোগ করেছি- ভারতের হয়ে যেমন, তেমনি মুম্বাইয়ের হয়েও। এখনো একই কাজ করছি। আমার মনে হয়, এর পেছনে অনেক ব্যাটিং অনুশীলন রয়েছে। গত ৮-১০ সপ্তাহে সেটাই করেছি, যার প্রতিফলন মাঠে দেখা যাচ্ছে। আপনি যত কঠোর পরিশ্রম করবেন, ভাগ্য ততই সহায় হবে।’

তিনি আরো বলেন, ‘তাই এই মুহূর্তে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। কারণ, আমি সত্যিই অনেক কঠোর পরিশ্রম করেছি। মাঠে থাকতে এবং রান করতে পেরে আমি খুশি।’

সৈয়দ মুশতাক আলী ট্রফিতে এখন পর্যন্ত দুটি অর্ধশতক করেছেন সূর্যকুমার।