বিদেশী, শিক্ষার্থী, বেসরকারি, মেডিক্যাল, ভর্তি, শর্ত, শিথিল ,
বিদেশী শিক্ষার্থীদের জন্য বেসরকারি মেডিক্যালে ভর্তির শর্ত শিথিল । সংগৃহীত
ads

বিদেশী শিক্ষার্থী ভর্তির হার ধারাবাহিকভাবে কমে যাওয়ায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তির শর্ত সহজ করেছে সরকার। গত ২৫ নভেম্বর স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন সিদ্ধান্ত জানানো হয়েছে।

ভর্তির নতুন শর্তাবলি

সংশোধিত নীতিমালা অনুযায়ী, বিদেশী শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ন্যূনতম মোট সিজিপিএ আগের তুলনায় এক পয়েন্ট কমানো হয়েছে এবং পরীক্ষা পাসের সময়সীমা এক বছর বাড়ানো হয়েছে।

আরো পড়ুন : ক্ষমতাচ্যুত হয়ে পলাতক, দেশের মাটিতে কবর মেলেনি যাদের

সম্মিলিত ও ন্যূনতম জিপিএ: ও-লেভেল এবং এ-লেভেল বা সমমানের পরীক্ষায় সম্মিলিত জিপিএ ন্যূনতম ৬ দশমিক শূন্য থাকতে হবে, যা গত শিক্ষাবর্ষে ছিল ৭ দশমিক শূন্য। যেকোনো একটি বিষয়ে ন্যূনতম জিপিএ সাড়ে ৩ থেকে কমিয়ে ৩ করা হয়েছে। তবে এ-লেভেল বা দ্বাদশ শ্রেণিতে জীববিজ্ঞানে ৩ দশমিক ৫০ বা এ মাইনাস পাওয়ার শর্ত আগের মতোই রাখা হয়েছে।

পাসের সাল: আবেদনকারীদের ২০২৩ সাল বা তার পরে ও-লেভেল এবং ২০২৫ সাল বা তার পরে এ-লেভেল পাস হতে হবে। বিভিন্ন দেশের পরীক্ষার সময়সূচির ভিন্নতা বিবেচনায় অতিরিক্ত এক বছর ছাড় দেয়া যেতে পারে।

আরো পড়ুন : মধ্যপ্রাচ্যে সক্রিয় ইরান, বদলে যাচ্ছে আঞ্চলিক ভারসাম্য

সনদ সত্যায়ন: অ্যাকাডেমিক সনদপত্রে এখন থেকে নিজ দেশের শিক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়—উভয়ের পরিবর্তে যেকোনো একটি দফতরের সত্যায়ন থাকলেই গ্রহণযোগ্য হবে।

গত জুনে বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) এ বিষয়ে সরকারের কাছে অনুরোধ জানিয়েছিল। এরপরই ভর্তির শর্ত শিথিলের এই সিদ্ধান্ত এলো।

কেন কমছে বিদেশি শিক্ষার্থী?

আরো পড়ুন : যেভাবে অল্পের জন্য রক্ষা পেলেন হামাসপ্রধানের ছেলে

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের মেডিক্যাল কলেজগুলোতে ২ হাজার ৭৪ জন বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছিলেন। কিন্তু ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এই সংখ্যা নেমে এসেছে ১ হাজার ৯৮ জনে; অর্থাৎ তিন বছরে ভর্তি কমেছে প্রায় ৫০ শতাংশ। ওই শিক্ষাবর্ষে বেসরকারি মেডিক্যাল কলেজগুলোতে মোট ৬ হাজার ২৭৮টি আসনের বিপরীতে বিদেশী শিক্ষার্থীদের জন্য ২ হাজার ৮০০ জনের বেশি আসন বরাদ্দ থাকলেও শেষ পর্যন্ত ভর্তি হন মাত্র ১ হাজার ৯৮ জন।

বেসরকারি মেডিক্যাল কলেজের মালিক ও কর্মকর্তাদের মতে, এই পতনের মূল কারণ ভারত থেকে শিক্ষার্থী আসা কমে যাওয়া। তথ্য বলছে, বাংলাদেশের বেসরকারি মেডিক্যাল কলেজের বিদেশী শিক্ষার্থীদের দুই-তৃতীয়াংশের বেশি আসেন ভারত থেকে। 

২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন শুরু হওয়ায় শিক্ষার্থী কমে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পাশাপাশি বাংলাদেশের চিকিৎসা শিক্ষার আন্তর্জাতিক স্বীকৃতির অভাব, ভারতের বেসরকারি মেডিক্যাল কলেজগুলোতে ফি উল্লেখযোগ্য হারে কমানো এবং সেখানে আসন সংখ্যা বৃদ্ধিকেও কারণ হিসেবে দেখা হচ্ছে।

আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্টদের বক্তব্য

সরাসরি স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের আবেদনের প্রক্রিয়াও সহজ করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসেন বলেন, ‘বিদেশী শিক্ষার্থী ভর্তি অনেকখানি কমে যাওয়ায় সরকার ভর্তির শর্ত সহজ করতে বাধ্য হয়েছে।’

‘আমরা আবেদন প্রক্রিয়াও সহজ করেছি। বিদেশী শিক্ষার্থীরা এখন আমাদের ওয়েবসাইটের একটি লিংকের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবেন। আগে অনেকেই মিডলম্যানদের মাধ্যমে করতেন। এতে প্রায়ই তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হতো,’ বলেন তিনি।

অধ্যাপক নাজমুল হোসেন আরো জানান, বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হওয়ায় বিদেশী শিক্ষার্থীরা বেসরকারি মেডিক্যাল কলেজগুলোর আয়ে বড় ভূমিকা রাখেন এবং এতে বিদেশে বাংলাদেশের সুনামও বাড়ে।

এদিকে বিপিএমসিএর সাধারণ সম্পাদক অধ্যাপক মোয়াজ্জেম হোসেন সংশোধিত শর্তগুলোকে স্বাগত জানিয়ে বলেন, ‘এতে বিদেশী শিক্ষার্থী কমে যাওয়ার প্রবণতা বদলাবে’ বলে তিনি আশাবাদী।

তিনি বলেন, ‘বেসরকারি মেডিক্যাল কলেজগুলোতে মূলত বিদেশী শিক্ষার্থী আসেন ভারত থেকে। বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্কের প্রেক্ষাপটে সম্ভাব্য ভিসা জটিলতা নিয়ে আমাদের কিছুটা উদ্বেগ ছিল। যদিও ভারতীয় হাইকমিশন কর্মকর্তারা সম্প্রতি আমাদের আশ্বস্ত করেছেন যে শিক্ষার জন্য বাংলাদেশে আসা শিক্ষার্থীরা ভিসা-সংক্রান্ত কোনো সমস্যায় পড়বেন না।’

অধ্যাপক মোয়াজ্জেম নেপাল ও মালদ্বীপ থেকে আরো বেশি শিক্ষার্থী আসার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি আগামী বছর থেকে ইন্দোনেশিয়ার শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে ঢাকায় নিযুক্ত ইন্দোনেশীয় রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। 

তবে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশে বিলম্ব এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে বলে উল্লেখ করেন বিপিএমসিএর এই নেতা।