
বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘ ২২ বছরের পথচলা শেষের পথে মুশফিকুর রহিমের। রঙিন পোশাক তো আগেই তুলে রেখেছিলেন, এবার সাদা পোশাককেও অবসরে পাঠানোর ছক এঁকে ফেলেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে শেষবার জাতীয় দলের হয়ে মাঠে নামবেন তিনি।
বিসিবি সভাপতি তামিম ইকবাল মুশফিকের বিদায়ের ঘোষণা দেয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এবার তাকে নিয়ে নিজের আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন বাংলাদেশের সাবেক আরেক তারকা ক্রিকেটার ও মুশফিকুর রহিমের ভাইরা ভাই মাহমুদুল্লাহ রিয়াদ।
রিয়াদের পোস্টটি এখানে হুবহু তুলে ধরা হলো—
‘(অনুবাদ) প্রিয় মুশি,
মাশাআল্লাহ! তোমার অবসর গ্রহণ এবং বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের জন্য অভিনন্দন।
বহু বছর ধরে তোমাকে খুব কাছ থেকে দেখেছি। একজন খেলোয়াড় ও ভাই হিসেবে সবসময় তোমাকে শ্রদ্ধা ও প্রশংসা করেছি। বছরের পর বছর তুমি ক্রিকেটের জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছ এবং আল্লাহ সবসময় তোমার প্রতি সদয় ছিলেন।
নিঃসন্দেহে তুমি বাংলাদেশের সেরা ক্রিকেটারদের একজন। তুমি নিজের দেশ ও ক্রিকেটের একজন অসাধারণ প্রতিনিধি। একইসাথে তুমি একজন চমৎকার মানুষ, যিনি নিজের ধর্মের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান।
তোমার ভবিষ্যৎ জীবনের সব উদ্যোগের জন্য রইল আন্তরিক শুভকামনা। হৃদয়ের গভীর থেকে তোমার প্রতি শ্রদ্ধা।
#কিংবদন্তি’
এর আগে, গতকাল রাতে মুশফিকও অবসর নিয়ে একটি পোস্ট দেন, সেখানে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, শৈশবের স্বপ্নকে বাস্তবে বাঁচার অসাধারণ ২২টি বছর। সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান ও গর্ব। এই সুন্দর যাত্রার সুযোগ করে দেয়ার জন্য মহান আল্লাহর কাছে আমি চিরকৃতজ্ঞ।’
দীর্ঘ এই পথচলায় যারা তার পাশে ছিলেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন মুশফিক। পরিবার, শিক্ষক, কোচ, সতীর্থ, বন্ধু ও ভক্তদের ভালোবাসা এবং নিরবচ্ছিন্ন সমর্থনের কথা বিশেষভাবে স্মরণ করেছেন তিনি। মাঠে নামার সময় দর্শকদের উচ্ছ্বাস আর মিরপুরের গ্যালারিতে নিজের নামে ওঠা স্লোগান যে তার কাছে কতটা আবেগের, সেটিও উঠে এসেছে বিদায়ী বার্তায়।
এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘আমার পরিবার, শিক্ষক, কোচ, সতীর্থ, বন্ধু ও ভক্তদের অফুরন্ত ভালোবাসা এবং সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। প্রতিবার ব্যাট হাতে মাঠে নামার সময় আপনাদের উচ্ছ্বাস আর মিরপুরের গ্যালারিতে প্রতিধ্বনিত হওয়া ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে।’
তবে বিদায়বার্তায় শুধু ক্রিকেট কিংবা নিজের অর্জনের কথাই বলেননি মুশফিক। জীবনের সাফল্যের পাশাপাশি একজন ভালো মানুষ হয়ে ওঠার গুরুত্বও তুলে ধরেছেন তিনি। বিনয়ী থাকা, মানুষের প্রতি সদয় হওয়া এবং অন্যদের অনুপ্রাণিত করার আহ্বান জানিয়েছেন সবাইকে।
তার ভাষায়, ‘জীবনে স্বপ্ন পূরণের পাশাপাশি আসুন আমরা ভালো মানুষ হই। বিনয়ী থাকি, মানুষের প্রতি সদয় হই এবং অন্যদের অনুপ্রাণিত করি।’
ক্রিকেটের পরিচিত অধ্যায় পেছনে ফেলে এবার জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চান মুশফিক। সেই যাত্রায় মহান আল্লাহর ওপর ভরসা রাখার কথাও জানিয়েছেন। লিখেছেন, ‘আল্লাহর ওপর ভরসা রেখে, আনন্দ ও কৃতজ্ঞতার সাথে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চাই, ইনশাআল্লাহ।’
বার্তার শেষাংশে নিজের ও পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশের ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









