হজ এজেন্সির লাইসেন্স যাচাই ও ইফাবার বেদখল জমি উদ্ধারের সুপারিশ মন্ত্রণালয়ের
জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক। নয়া দিগন্ত
ads

ইসলামিক ফাউন্ডেশনের বেদখলে থাকা ৬৯ একর জমি আগামী ১৫ দিনের মধ্যে পুনরুদ্ধারের সুপারিশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একইসাথে মডেল মসজিদসহ দেশের সব মসজিদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর সম্ভাবনা যাচাই, হজ এজেন্সিগুলোর কার্যক্রম মূল্যায়ন করে অনিয়মের ক্ষেত্রে লাইসেন্স বাতিল এবং ইসলামিক মিশন হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নিয়োগের তাগিদ দিয়েছে কমিটি।

রোববার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সুপারিশ ও নির্দেশনা দেয়া হয়। কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ্ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সারসহ কমিটির সদস্যরা অংশ নেন।

আরো পড়ুন : হাসিনা বাংলাদেশকে আর কিছুই দিতে পারবেন না : মহিলা লীগ নেত্রী

বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের বেদখলে থাকা জমি উদ্ধারের বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হয়। ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় অবস্থিত মিশনসহ ফাউন্ডেশনের মোট ৬৯ একর বেদখল জমি আগামী ১৫ দিনের মধ্যে পুনরুদ্ধারের সুপারিশ করা হয়।

মডেল মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ ব্যয় কমাতে সৌরবিদ্যুৎ ব্যবহারের সম্ভাবনা যাচাই করে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। একইসাথে দেশের সব মসজিদে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের সর্বশেষ অবস্থা পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য সুপারিশ করে কমিটি। এ ছাড়া বিদ্যুৎ ব্যবস্থাপনায় ব্যয় সাশ্রয়ী উদ্যোগ গ্রহণের কথাও বলা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করে নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেয়া হয়। বিশেষ করে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়ন এবং মসজিদ পাঠাগার সম্প্রসারণ কার্যক্রমের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্ব দেয়া হয়। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মাদরাসা বোর্ড থেকে উত্তীর্ণ যোগ্য জনবলকে অন্তর্ভুক্ত করার বিষয়টিও বিবেচনার সুপারিশ করা হয়।

বৈঠকে দেশের ৫৬টি ইসলামিক মিশন কেন্দ্র ও তিনটি ইসলামিক মিশন হাসপাতালের কার্যক্রম নিয়েও আলোচনা হয়। হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার মান উন্নয়ন, প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট ও অন্যান্য জনবল নিয়োগ এবং শূন্য পদ পূরণে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়। সাধারণ মানুষের জন্য মানসম্মত ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি মিশন কেন্দ্রগুলোর মাধ্যমে পরিচালিত চিকিৎসা, শিক্ষা, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণের সুপারিশ করা হয়।

হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২ (২০২৪ সালে সংশোধিত) নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। হজযাত্রীদের সুষ্ঠু ব্যবস্থাপনা, সেবার মান বৃদ্ধি এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়া হয়। বিদ্যমান হজ এজেন্সিগুলোর কার্যক্রম ও পারফরম্যান্স যাচাই-বাছাই করে ন্যায়সংগতভাবে অযোগ্য এজেন্সির লাইসেন্স বাতিল এবং নতুন লাইসেন্স প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

এ ছাড়া মডেল মসজিদসহ অন্যান্য মসজিদের ইমামদের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখা এবং তাদের দক্ষতা ও পেশাগত মান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার সুপারিশ করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ্ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, মো: জাহিদুর রহমান, সুবর্ণা সিকদার, মো: নুরুল আমীন, মোহাম্মদ আবুল হাসান এবং মুহাম্মাদ আব্দুল খালেক অংশ নেন।

এ সময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, অধীন বিভিন্ন দপ্তর, অধিদফতর, সংস্থা, ট্রাস্ট ও ফাউন্ডেশনের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।