জাহাজ চলাচল
জাহাজ চলাচল। সংগৃহীত ছবি
ads

জাহাজ থেকে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর পরিকল্পনা নিয়ে আগামী সপ্তাহে লন্ডনে ভোটাভুটির জন্য বৈঠকে বসছে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)। গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতার মুখে এ ভোট স্থগিত করা হয়েছিল।

জাতিসঙ্ঘের অধীন জাহাজ চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থাটির সদর দফতর লন্ডনে। ২০২৫ সালের এপ্রিলে সংস্থাটি কার্বন ডাই-অক্সাইড ও মিথেনের মতো দূষণকারী গ্যাসের ব্যবহার কমাতে বৈশ্বিক মূল্য নির্ধারণ ব্যবস্থা চালুর প্রস্তাব সমর্থন করে।

এরপর একই বছরের অক্টোবরে পরিকল্পনাটি আনুষ্ঠানিকভাবে অনুমোদনের বিষয়ে ভোট দিতে সংস্থাটির ১৭৬টি সদস্যরাষ্ট্র বৈঠকে বসে। তবে জলবায়ু পরিবর্তন নিয়ে সংশয়ী ট্রাম্প প্রস্তাবের পক্ষে ভোট দেয়া দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয়ায় শেষ পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়নি।

বিশ্বের প্রধান তেল রফতানিকারক দেশ সৌদি আরব ও রাশিয়াও এ প্রস্তাবের বিরোধিতা করে চাপ সৃষ্টি করে।

এবার কী ঝুঁকির মুখে?
এবার সদস্যরাষ্ট্রগুলো আগের প্রস্তাবগুলো বহাল রাখবে কি-না, তা এখনো স্পষ্ট নয়।

গত বছর বিবেচনাধীন প্রস্তাবে বলা হয়, ২০২৮ সাল থেকে অধিক দূষণকারী জাহাজগুলোকে পর্যায়ক্রমে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে। ২০৫০ সালের দিকে জাহাজ চলাচল খাতকে সম্পূর্ণ কার্বনমুক্ত করাই এর চূড়ান্ত লক্ষ্য।

নেট জিরো ফ্রেমওয়ার্কের (এনজেডএফ) অর্থনৈতিক অংশটি শিল্প খাতকে দ্রুত নিঃসরণ কমাতে উৎসাহিত করার জন্য তৈরি করা হয়েছে। গত বছর এই অংশের বিরোধিতার কারণেই পরিকল্পনাটির আনুষ্ঠানিক অনুমোদন নিয়ে ভোটাভুটি ভেস্তে যায়।

প্রস্তাবে নির্ধারিত মাত্রার বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী জাহাজের ওপর ফি আরোপের কথা বলা হয়েছে। এ থেকে পাওয়া অর্থ কম নিঃসরণকারী জাহাজকে পুরস্কৃত করতে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর এই খাতে রূপান্তরের ব্যয় মেটাতে আর্থিক সহায়তা দিতে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
 
কেন এ নিয়ে মতবিরোধ?
জীবাশ্ম জ্বালানির সমর্থক ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত বিভিন্ন নীতি বাতিল করেছেন। গত বছর তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে আইএমওর পরিকল্পনার বিরুদ্ধে ভোট দেয়ার আহ্বান জানান।

তখন তিনি লিখেছিলেন, ‘জাহাজ চলাচলের ওপর এই বৈশ্বিক সবুজ প্রতারণামূলক কর যুক্তরাষ্ট্র কোনোভাবেই মেনে নেবে না।’

ওয়াশিংটনের বিপরীতে উপসাগরীয় দেশগুলোর প্রতিনিধিদল এবং রাশিয়া নীতিগতভাবে এ খাতকে কার্বনমুক্ত করার পক্ষে। তবে সম্ভাব্য নেতিবাচক অর্থনৈতিক প্রভাবের কথা উল্লেখ করে তারা প্রস্তাবটির বিরোধিতা করছে।

অন্যদিকে, সামুদ্রিক পরিবহন খাতের প্রতিনিধিরা ‘বাস্তবসম্মত, কার্যকর ও প্রয়োজনের উপযোগী’ একটি নিয়ন্ত্রক কাঠামো চান। একইসাথে দূষণকারী জ্বালানির বিকল্প ব্যবহারের ব্যয় বিবেচনায় নেয়ার আহ্বান জানিয়েছেন তারা।

বিশ্বের শীর্ষস্থানীয় বাণিজ্যিক জাহাজ চলাচলবিষয়ক সংগঠনগুলো চলতি মাসে প্রকাশিত এক বিবৃতিতে এ অবস্থান তুলে ধরেছে।

এবার যা হতে পারে
এনজেডএফের অর্থনৈতিক অংশটি সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। কারণ, যুক্তরাষ্ট্রসহ প্রধান তেল উৎপাদনকারী দেশগুলো এই প্রস্তাবের সবচেয়ে জোরালো বিরোধিতা করছে।

এ বিষয়ে অবগত সামুদ্রিক পরিবহন খাতের এক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘বিশ্বব্যাপী আর্থিক লেনদেন পরিচালনায় আইএমওর সক্ষমতা নিয়ে শিল্প খাতের সংশ্লিষ্টরা যথেষ্ট সন্দিহান। তাদের আশঙ্কা, এটি কার্বন নিঃসরণ কমানোর অনুঘটক না হয়ে শেষ পর্যন্ত বৈশ্বিক আর্থিক বোঝায় পরিণত হতে পারে।’

এএফপিকে দেয়া সাক্ষাৎকারে আইএমওর প্রধান আর্সেনিও ডোমিঙ্গুয়েজ বলেন, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর বিষয়ে সম্মিলিতভাবে নেয়া অঙ্গীকার বাস্তবায়নে সদস্যরাষ্ট্রগুলো গঠনমূলকভাবে একসাথে কাজ চালিয়ে যাবে বলে তিনি আত্মবিশ্বাসী।

গ্লোবাল রিস্ক ম্যানেজমেন্টের প্রধান বিশ্লেষক আর্নে লোহমান রাসমুসেন বলেন, ‘এখন অনেকটাই শিথিল শর্তের একটি চুক্তি হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে হচ্ছে।’

গত রোববার জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলন কপ৩১ ব্যর্থতার মধ্য দিয়ে শেষ হয়েছে। জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধের জেরে একটি চুক্তির বিষয়ে আলোচনা ভেঙে পড়ে।

রাসমুসেন বলেন, ‘এ ঘটনা আন্তর্জাতিক জলবায়ু চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে বিদ্যমান কঠিন পরিস্থিতি তুলে ধরেছে। সোমবার থেকে শুরু হতে যাওয়া আইএমওর আলোচনা নিয়ে এটি মোটেও আশাব্যঞ্জক কোনো ইঙ্গিত নয়।’

সূত্র : বাসস