এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা
গোপালগঞ্জে হচ্ছে না এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা । নয়া দিগন্ত
ads

বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে গোপালগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে না ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা। জেলার পাঁচটি পরীক্ষাকেন্দ্র সরিয়ে পার্শ্ববর্তী মাদারীপুর ও ফরিদপুর জেলায় নেয়া হয়েছে। এ দুই জেলার চারটি উপকেন্দ্রে পরীক্ষা দেবেন গোপালগঞ্জের শিক্ষার্থীরা।

রোববার (২৯ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, গোপালগঞ্জ জেলায় এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা গ্রহণের অনুকূল পরিবেশ না থাকায় জেলার কেন্দ্রগুলোর পরীক্ষা পার্শ্ববর্তী মাদারীপুরের রাজৈর ও ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, গোপালগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের মাদারীপুরের সরকারি রাজৈর গোপালগঞ্জ কপালী যুবক সংঘ পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজে পরীক্ষা দিতে হবে।

কাশিয়ানীর রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজ কেন্দ্রের পরীক্ষা নেয়া হবে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজে। আর কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে মাদারীপুরের সরকারি রাজৈর কলেজে।

এছাড়া টুঙ্গিপাড়া বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ এবং মুকসুদপুর সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা নেয়া হবে রাজৈরের শহীদ সরদার শাহজাহান উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে।

স্থানান্তরিত কেন্দ্র ও উপকেন্দ্রগুলোতে পরীক্ষা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।