
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪৮ শিশু।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত হাম-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
২৪ ঘণ্টার হালনাগাদ পরিস্থিতি
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গজনিত কারণে ৩ শিশুর প্রাণহানি ঘটলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এই সময়ের মধ্যে ৭৯ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গে ভুগছে এমন রোগীর সংখ্যা ১ হাজার ২৬৯ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২২০ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১৫৪ শিশু।
১৫ মার্চ থেকে মোট পরিসংখ্যান
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৮৩ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরো ১০৬ শিশু প্রাণ হারিয়েছে। সব মিলিয়ে এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৮৯ শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৫ হাজার ৭৪ জনে। অন্যদিকে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২৬ হাজার ৬৮৭ জন। এদের মধ্যে মোট ২ লাখ ৩৭ হাজার ৬৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ২ লাখ ২৮ হাজার ৪৯৫ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।
সূত্র : ইউএনবি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









