বৈভব সূর্যবংশী
বৈভব সূর্যবংশী। সংগৃহীত
ads

ভারতীয় ব্যাটিং বিস্ময় বৈভব সূর্যবংশীর খেলা বোঝার ক্ষমতা ‘ঈশ্বরপ্রদত্ত’। ভবিষ্যতে ভারতের হয়ে তিন সংস্করণেই তারকা হয়ে উঠবেন তিনি। শুক্রবার এএফপিকে এমনটাই বলেছেন তার শৈশবের কোচ মনীশ ওঝা।

গত মঙ্গলবার দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারসের এক দিনের ম্যাচে ভারত ‘এ’ দলের হয়ে মাত্র ৫৩ বলে ২০৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ১৫ বছর বয়সী এই ওপেনার। এর মধ্য দিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েন তিনি।

বাঁ-হাতি এই ব্যাটার ২৮টি ছক্কা হাঁকান। তার ব্যাটিংয়ে ভর করে মাত্র ১৪.২ ওভারেই ২৫০ রানের লক্ষ্য পেরিয়ে যায় ভারত। টুর্নামেন্টের আগের দুই ম্যাচে কম রানে আউট হওয়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি।

ওঝা বলেন, ‘ডাবল সেঞ্চুরি করার আগের দুই ম্যাচে সে রান করতে পারেনি। নিজের পারফরম্যান্স নিয়ে চিন্তিত ছিল।’

‘আমি তাকে শান্ত করার চেষ্টা করে বলেছিলাম, সর্বকালের সেরা শচীন টেন্ডুলকারও তো প্রতিটি ইনিংসে রান করেননি।’

ওঝার মতে, অল্প বয়স হলেও ক্রিকেট খেলা বোঝার ক্ষেত্রে অসাধারণ দক্ষতা রয়েছে সূর্যবংশীর।

তিনি বলেন, ‘সে ক্রিকেটের এক বিস্ময়। তার মানসিকতা, চিন্তভাবনা এবং খেলা বিশ্লেষণ করার ক্ষমতা ৩০ বা ৩২ বছর বয়সী একজন খেলোয়াড়ের মতো। এসবই ঈশ্বরপ্রদত্ত।’

এক সময় কিছু সমালোচক তাকে কেবল টি-টোয়েন্টিতে বড় শট খেলা ব্যাটার হিসেবে বিবেচনা করতেন। তবে ৫০ ওভারের ক্রিকেট এবং ঘরোয়া লাল বলের ক্রিকেটেও নিজের দৃঢ় মানসিকতার প্রমাণ দিয়েছেন সূর্যবংশী।

ওঝা বলেন, ‘ভবিষ্যতে সে ভারতের হয়ে তিন সংস্করণেই খেলবে। তার ব্যাটিং বেশ হিসেব-নিকেশ করে করা। আলগা বল পেলেই সে আক্রমণ করে। আশা করি, একদিন সে ভারতীয় দলের নেতৃত্বও দেবে।’

চলতি মাসের শুরুতে ভারতের ঘরোয়া রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় বিহারের নেতৃত্ব দিয়ে পুরুষদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক হন সূর্যবংশী।

গত জুলাইয়ে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকের মধ্য দিয়ে ভারতের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হন সূর্যবংশী। এর মাধ্যমে টেন্ডুলকারের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দেন তিনি। এরপর থেকেই দ্রুতগতিতে এগিয়ে চলেছে তার উত্থান।

এ বছরের আইপিএলেও সর্বোচ্চ রান সংগ্রাহক হন সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের হয়ে ৭৭৬ রান করেন তিনি, স্ট্রাইক রেট ছিল ২৩৭-এর বেশি।

ওঝা বলেন, ‘আইপিএল ও ভারতীয় দলের ড্রেসিংরুমে সে অভিজ্ঞ খেলোয়াড়দের সান্নিধ্য পাচ্ছে। বিশ্বকাপজয়ী ক্রিকেটার গৌতম গাম্ভীরের মতো কোচের অধীনে অনুশীলনও করছে। এসব অভিজ্ঞতা তার জন্য দারুণ শিক্ষণীয়।’

ইংল্যান্ডের সাবেক ব্যাটার কেভিন পিটারসেনও এই তরুণকে প্রশংসায় ভাসিয়েছেন।

এক্সে তিনি লিখেছেন, ‘পেশাদার ক্যারিয়ারের শুরুতেই একের পর এক রেকর্ড ভেঙে চলা সত্যিই অসাধারণ! তুমি এমন সব কীর্তি গড়ছ, যা আমাদের অনেকেই পুরো ক্যারিয়ারেও করতে পারিনি!’

ওঝা বলেন, ভারতের দরিদ্রতম রাজ্য বিহারের সাধারণ পরিবার থেকে উঠে এসে ক্রিকেট তারকা হয়ে ওঠার পরও সূর্যবংশী মাটির কাছাকাছি রয়েছেন, ‘তার পথ হারিয়ে ফেলার কোনো আশঙ্কা নেই। কারণ, যত দিন ধরে তাকে চিনি, সে খুবই ভারসাম্যপূর্ণ একজন ছেলে।’

‘এত তারকাখ্যাতির মধ্যেও আমি তার পাশে থেকেছি এবং দেখেছি, তার স্বভাবে কোনো পরিবর্তন আসেনি। বরং খেলোয়াড় ও মানুষ হিসেবে সে আরো পরিণত হয়েছে। সে এখনো বিহারের সেই সাদাসিধে ছেলেটিই আছে।’

তবে সূর্যবংশীর জীবনযাত্রায় পরিবর্তন এসেছে। আইপিএলের দুই মৌসুমে পুরস্কার হিসেবে পাওয়া চালকসহ দু’টি গাড়ির মালিক এখন তিনি।

তার পরিবার পৈতৃক বাড়িটিও সংস্কার করেছে। সেখানে সূর্যবংশীর জন্য আলাদা একটি ফ্লোর তৈরি করা হয়েছে, যেখানে রয়েছে একটি জিমনেশিয়াম, ভারতের মধ্যবিত্ত পরিবারের জন্য যা বেশ বিলাসবহুল সুবিধা। বাসস