শোয়েব আখতার  পাকিস্তানে ক্রিকেট ‘মৃত্যুর পথে’
পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। ফাইল ছবি

পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার দেশটিতে ক্রিকেটের জনপ্রিয়তা কমে যাওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার দাবি, গত দুই দশক ধরেই পাকিস্তানে ক্রিকেটের আবেদন ক্রমেই হারিয়ে যাচ্ছে।

Advertisement

নব্বইয়ের দশকের শেষ দিকে পাকিস্তান দলের ড্রেসিংরুমে বল টেম্পারিংয়ের চর্চা এবং পারস্পরিক অবিশ্বাসের পরিবেশ নিয়েও কথা বলেছেন তিনি।

আরো পড়ুন : বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর প্রচার, যা বলল বিএনপি

উইজডেনের দ্য স্কুপ অনুষ্ঠানে কথা বলতে গিয়ে ক্রিকেটের খেলার নিয়মে পরিবর্তনের সমালোচনা করেন আখতার। তার মতে, ফাস্ট বোলারদের গুরুত্ব কমিয়ে খেলাটিকে ক্রমেই ব্যাটারদের অনুকূলে নিয়ে যাওয়া হয়েছে।

আখতার বলেন, ‘খেলাটি মরে যাচ্ছে। গত ২০ বছর ধরেই এটি মৃত্যুর পথে।’ দুটি নতুন বলের ব্যবহারসহ বিভিন্ন নিয়ম পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, এসবের কারণে ফাস্ট বোলিংয়ের প্রভাব কমে গেছে।

পাকিস্তান তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করার মতো ক্রিকেটীয় নায়ক তৈরি করতে পারছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক এই গতিদানব।

আরো পড়ুন : ঢাকায় আশ্রয় নেয়া আ’লীগ নেতাকর্মীদের জন্য দুঃসংবাদ

বাবর আজমের উপস্থিতি স্বীকার করলেও আখতারের মতে, তরুণ সমর্থকদের ক্রিকেটের প্রতি আকৃষ্ট করার মতো ক্রীড়া ব্যক্তিত্ব এখন আর পাকিস্তানে তৈরি হচ্ছে না।

নিজের সন্তানরাও ক্রিকেট অনুসরণ করে না বলে জানান তিনি। তার এক ছেলে পাকিস্তান দলের আগ্রাসী মনোভাবের অভাব নিয়ে হতাশা প্রকাশ করেছে।

আখতার বলেন, আমার ছেলে বলে, ‘বাবা, আমাদের দলে কোনো আগ্রাসনই দেখি না।’

সাক্ষাৎকারে নিজের খেলার সময় বল টেম্পারিংয়ের চর্চা নিয়েও মুখ খুলেছেন আখতার। তিনি জানান, ক্রিকেট বলের অবস্থা পরিবর্তন করতে বোতলের ছিপি ব্যবহার করা হতো।

তিনি বলেন, ‘ইংল্যান্ডে আমরা স্যান্ডপেপার নয়, বোতলের ছিপি ব্যবহার করতাম।’

সাবেক এই পেসার ব্যাখ্যা করেন, রিভার্স সুইং আদায়ের জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হতো। এসব চর্চা শুধু কয়েকজন খেলোয়াড়ের মধ্যে সীমাবদ্ধ থাকত না, বরং প্রায়ই দলের সবাই বিষয়টি জানতেন।

অস্ট্রেলীয় ক্রিকেটের বল টেম্পারিং বিতর্ক এবং উসমান খাজার মন্তব্যের প্রসঙ্গ টেনে আখতার খাজার অবস্থানের প্রতি সমর্থন জানান। তার মতে, বলের অবস্থা পরিবর্তনের দায় শুধু গুটিকয়েক খেলোয়াড়ের ওপর চাপানো উচিত নয়।

নব্বইয়ের দশকের শেষ দিকে ম্যাচ ফিক্সিং তদন্তের সময় পাকিস্তান দলের ড্রেসিংরুমের উত্তেজনাপূর্ণ পরিবেশের কথাও স্মরণ করেন আখতার। কয়েকজন সতীর্থকে ঘিরে অনিশ্চয়তা থাকায় কাকে বিশ্বাস করবেন, তা বুঝতে কঠিন হয়ে পড়েছিল বলে জানান তিনি।

সাবেক এই পেসার বলেন, দলের চারপাশে সন্দেহের পরিবেশের কারণে কখনো কখনো তার মনে হতো, তিনি ১১ জনের বিপক্ষে নয়, ২২ জনের বিপক্ষে খেলছেন।

সাবেক সতীর্থদের কয়েকজনকে নিয়ে আরো অনেক কিছু বলার থাকলেও প্রকাশ্যে তাদের বিব্রত করতে চান না বলেও জানান তিনি।

নিজের খেলার দিনগুলোর স্মৃতিচারণ করে আখতার বলেন, তার প্রচণ্ড গতির কারণে প্রতিপক্ষের ব্যাটাররা প্রায়ই ভীত থাকতেন। ব্যাটিংয়ের দুই কিংবদন্তি ব্রায়ান লারা ও শচীন টেন্ডুলকারের গায়ে তার বল আঘাত করার ঘটনাও স্মরণ করেন তিনি। এ ধরনের ঘটনায় গুরুতর চোট লাগতে পারে, এমন আশঙ্কায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়তেন বলেও স্বীকার করেন।

ব্যাটারদের ভয় পাইয়ে দেয়া ফাস্ট বোলিংয়ের কৌশলের অংশ হলেও কোনো সতীর্থ ক্রিকেটারকে গুরুতরভাবে আহত করার চিন্তা সব সময়ই তাকে আতঙ্কিত করত বলে জানান আখতার।

টেস্ট ক্রিকেটে ব্যাট ও বলের ভারসাম্য ফিরিয়ে আনতে কিছু পরিবর্তনের প্রস্তাবও দিয়েছেন পাকিস্তানের সাবেক এই গতিতারকা।

তার মতে, প্রতি ওভারে ফাস্ট বোলারদের চারটি বাউন্সার করার সুযোগ দিতে হবে এবং আবারো একটি বল ব্যবহারের নিয়ম চালু করতে হবে।

আক্রমণাত্মক ফাস্ট বোলিংকে উৎসাহিত করে এমন শর্তে আয়োজিত একটি টেস্ট ম্যাচে খেলার জন্য আগাম এক লাখ ডলার দিতেও প্রস্তুত বলে জানিয়েছেন আখতার।

প্রচলিত ক্রিকেট খেলুড়ে দেশগুলোর বাইরে খেলাটির বিস্তারে যথেষ্ট ভূমিকা রাখতে না পারায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সমালোচনাও করেন তিনি।

অলিম্পিক কর্তৃপক্ষকে ক্রিকেটের বৈশ্বিক সম্প্রসারণে সহায়তার আহ্বান জানিয়ে আখতার বলেন, উদীয়মান দেশগুলোকে আরো বেশি সুযোগ দেয়া হলে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে নতুন ক্রিকেট পরাশক্তি তৈরি হতে পারে।

এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো দায়িত্ব নেয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন আখতার। 

ক্রিকেট প্রশাসন কিংবা এর রাজনীতিতে জড়ানোর কোনো আগ্রহ নেই বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।

আখতার বলেন, রাজনীতি ও পিসিবি থেকে দূরে থাকার প্রতিশ্রুতি তিনি মাকে দিয়েছেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করতে চান তিনি।