
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘কার্যক্রম নিষিদ্ধ দলটির কেউ যদি কোথাও নাশকতার চেষ্টা করে তাহলে তাদের পুলিশে ধরিয়ে দিন।’
দলীয় নেতাকর্মীদের অনুরোধ করে তিনি বলেন, ‘আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। আমরা সবাই শান্তির পক্ষে। কেউ আইন ভঙ্গ করলে তাকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না।’
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ফেনীর দাগনভূঞায় উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মিছিলটি দাগনভূঞা পৌর শহরের আতাতুর্ক স্কুল গেট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মাসুদ চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। বৃষ্টি উপেক্ষা করে বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো: আকবর হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্যসচিব আলাল উদ্দিন আলাল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাঈদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









