পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় আটক যুবক রাকিব খান
পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় আটক যুবক রাকিব খান। নয়া দিগন্ত
ads

বাগেরহাটের মোংলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেয়ার চেষ্টার ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।

ঘটনার প্রায় তিন দিন পর শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার জয়মনি সাইলো এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম মো: রাকিব খান (২৬)। তিনি জয়মনি সাইলো এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম মরহুম নজরুল ইসলাম খান ও মায়ের নাম রোকসানা বেগম।

পুলিশ জানায়, গত ১৭ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে মোংলার শিকারির মোড় এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখাটিতে আগুন দেয়ার চেষ্টা করা হয়। ঘটনার পর ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে রাকিবকে আটক করা হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আতিকুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কী ধারায় মামলা করা হচ্ছে বা আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ কী, সে বিষয়ে তিনি কিছু জানাননি। তবে তিনি জানান, ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেফতার অভিযান চলমান রয়েছে।