প্রধান অতিথির বক্তব্য দেন ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু
প্রধান অতিথির বক্তব্য দেন ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু। সংগৃহীত
ads

আল্লাহর ঘর মসজিদের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু।

তিনি বলেন, মসজিদ আল্লাহর ঘর, দলমত নির্বিশেষে পবিত্র মসজিদের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। 

শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজ শেষে রাজশাহী মহানগরীর ২৭ নম্বর ওয়ার্ডের বালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় মসজিদ কমপ্লেক্সটি উন্নয়ন করা সম্ভব হবে। মুসলমান হিসেবে প্রত্যেকের উচিত আল্লাহর ঘর মসজিদের যত্ন নেয়া। মসজিদের উন্নয়নে দান করা উচিত। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী সিটি করপোরেশন মসজিদ-মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছে। এ মসজিদটির উন্নয়নে সহায়তা করা হবে। মসজিদ কমপ্লেক্সটি নির্মিত হলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের নামাজ আদায় ও ধর্মীয় কার্যক্রম পরিচালনায় আরো উন্নত পরিবেশ সৃষ্টি হবে।

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মো: এরশাদ আলী ঈশা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন। ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। বাসস