লর্ডসে ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ, খেলবে নেপালের বিপক্ষে
বাংলাদেশ দল। ফাইল ছবি

‘হোম অব ক্রিকেট’ লর্ডসে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে নতুন অধ্যায়। আগামী বছরের ৩ জুন ঐতিহাসিক এই মাঠে প্রথমবারের মতো টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ।

তবে স্বাগতিক ইংল্যান্ড নয়, লর্ডসে টাইগারদের প্রতিপক্ষ নেপাল। ম্যাচটি আয়োজন করবে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি), বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আরো পড়ুন : মাহফিলে জামায়াত এমপির সাথে ‎অনাকাঙ্ক্ষিত ঘটনা, ইমাম-খতিবদের দুঃখপ্রকাশ

লর্ডসে বাংলাদেশের পুরুষ দলের এটিই প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ। একইসাথে দীর্ঘ আট বছর পর এই মাঠে ফিরছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট। সর্বশেষ ২০১৮ সালের জুলাইয়ে নেদারল্যান্ডস ও নেপালের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

৩ জুন লর্ডসে একই দিনে টি-টোয়েন্টি ব্লাস্টে মিডলসেক্সের ম্যাচও রয়েছে। ফলে মাঠটির ইতিহাসে প্রথমবার একই দিনে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের দুটি ম্যাচ আয়োজনের ঘটনা ঘটতে যাচ্ছে।

উল্লেখ্য, আগামী বছরের মে মাসে যুক্তরাজ্য সফরে যাবে বাংলাদেশ। সফরের শুরুতে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলার কথা রয়েছে টাইগারদের। ম্যাচটির দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।

এরপর ২৮ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। ১৭ বছর পর ঐতিহাসিক মাঠটিতে টেস্ট খেলতে নামবে তারা। পরিকল্পনা অনুযায়ী লর্ডস টেস্ট শেষেই বাংলাদেশের দেশে ফেরার কথা ছিল। 

তবে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ যুক্ত হওয়ায় সফর দীর্ঘ হচ্ছে। আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে লর্ডসে এটিই হবে নেপালের প্রথম ম্যাচ। এমসিসির আয়োজনে নেপালের ইংল্যান্ড সফরে বাংলাদেশ ছাড়াও আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ রয়েছে।

এমসিসির আয়োজনে নেপালের ইংল্যান্ড সফরের সূচি
১ জুন — নেপাল বনাম স্কটল্যান্ড, ওয়ার্মসলে (৫০ ওভার)
৩ জুন — বাংলাদেশ বনাম নেপাল, লর্ডস (টি-টোয়েন্টি)
৬ জুন — আয়ারল্যান্ড বনাম নেপাল, ওয়ার্মসলে (৫০ ওভার)
৯ জুন — আয়ারল্যান্ড বনাম নেপাল, ওয়ার্মসলে (টি-টোয়েন্টি)
১১ জুন — আয়ারল্যান্ড বনাম নেপাল, বেকেনহ্যাম (টি-টোয়েন্টি)
১২ জুন — আয়ারল্যান্ড বনাম নেপাল, বেকেনহ্যাম (টি-টোয়েন্টি)