পদ্মা সেতুর টোলপ্লাজা
পদ্মা সেতুর টোলপ্লাজা। নয়া দিগন্ত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনেও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুতে যানবাহনের পারাপার স্বাভাবিক রয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় দূরপাল্লার যানবাহনের সংখ্যা অনেকাংশে কম হলেও সেতুর দুই প্রান্ত দিয়ে ১৪ ঘণ্টায় মোট ছয় হাজার ৫৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৮৩ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

পদ্মা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ২টা পর্যন্ত ১৪ ঘণ্টায় পদ্মা সেতুর দুই প্রান্ত দিয়ে মোট ছয় হাজার ৫৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৮৩ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

এর মধ্যে শরীয়তপুরের জাজিরা প্রান্ত দিয়ে মাওয়ামুখী দুই হাজার ৪০০ যানবাহন পারাপার হয়েছে। এ প্রান্তে টোল আদায় হয়েছে ৩১ লাখ চার হাজার ৪৫০ টাকা।

অন্যদিকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত দিয়ে জাজিরামুখী তিন হাজার ৬৫৫টি যানবাহন পারাপার হয়েছে। এ প্রান্তে টোল আদায় হয়েছে ৫২ লাখ ৩৫ হাজার ৮৫০ টাকা।

সেতু কর্তৃপক্ষের মাওয়া সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয় বিকেলে নয়া দিগন্তকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সেতুতে যানবাহন পারাপার ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অন্যান্য দিনের তুলনায় যানবাহনের সংখ্যা কিছুটা কম থাকলেও স্বাভাবিকভাবেই পারাপার হচ্ছে বিভিন্ন  ধরনের যানবাহন।

পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আক্তার হোসেন নয়া দিগন্তকে জানান, সেতুতে যান চলাচলে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: সোহেল রানা নয়া দিগন্তকে জানান, আজ এক্সপ্রেসওয়েতে দূরপাল্লার যানবাহন চলাচল স্বাভাবিকের তুলনায় অনেক কম লক্ষ্য করা গেছে। তবে কিছু লোকাল বাস, ছোট গাড়ি, পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেসসহ অন্যান্য যানবাহন চলাচল করছে।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোলপ্লাজা সংলগ্ন খানবাড়ী এলাকায় দফায় দফায় বিক্ষোভ প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালন করছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।