
আজ (১৯ নভেম্বর) মীর নিসার আলী তিতুমীরের শাহাদাতবার্ষিকী। এ উপলক্ষে তাকে নিয়ে মূল্যায়নধর্মী একটি লেখা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তার ভেরিফায়েড আইডিতে প্রকাশিত লেখাটি হুবহু তুলে ধরা হলো—
‘বাংলার ইতিহাসে মীর নিসার আলী তিতুমীর এক অবিস্মরণীয় নাম। তিনি ছিলেন ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ও জমিদারি শোষণের বিরুদ্ধে এক সাহসী প্রতিরোধের নেতা। তাঁর সংগ্রাম ছিল ধর্মীয় সংস্কার, সামাজিক জাগরণ এবং শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই।
আরো পড়ুন : মাহফিলে জামায়াত এমপির সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা, ইমাম-খতিবদের দুঃখপ্রকাশ
তিতুমীরের জন্ম ১৭৮২ সালে বর্তমান পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার হায়দারপুর গ্রামে। ধর্মীয় শিক্ষা ও আত্মশুদ্ধির চর্চার মধ্য দিয়ে তাঁর জীবন গড়ে ওঠে। পরবর্তী সময়ে তিনি সাধারণ মানুষের মধ্যে সংগঠন ও সচেতনতা তৈরির কাজ শুরু করেন।
ঊনবিংশ শতাব্দীর বাংলায় ব্রিটিশ শাসন ও জমিদারি ব্যবস্থার শোষণ সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছিল। কৃষকদের ওপর নানা ধরনের কর ও খাজনার বোঝা চাপানো হতো। ধর্মীয় ও সামাজিক জীবনেও চলছিল নানা ধরনের নিপীড়ন। তিতুমীর এসব অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান। কৃষক ও সাধারণ মানুষকে সংগঠিত করেন।
তাঁর আন্দোলন শুধু বর্তমান পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা অঞ্চলে সীমাবদ্ধ ছিল না। নদীয়া ও তৎকালীন ফরিদপুর অঞ্চলেও তাঁর আন্দোলনের বিস্তার ঘটে। এসব অঞ্চল থেকে বহু মানুষ তাঁর প্রতিরোধ আন্দোলনে যুক্ত হন। বর্তমান বাংলাদেশের ভূখণ্ডেও তাঁর সংগ্রামের প্রভাব বিস্তৃত হয়েছিল। ফলে তিতুমীরের আন্দোলন বাংলার বৃহত্তর জনগোষ্ঠীর প্রতিরোধের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে।
১৮৩১ সালে নারকেলবাড়িয়ায় তিনি বাঁশের কেল্লা নির্মাণ করেন। এটি ছিল ব্রিটিশ বাহিনী ও তাদের সহযোগী জমিদারদের বিরুদ্ধে প্রতিরোধের কেন্দ্র। ১৯ নভেম্বর ব্রিটিশ বাহিনী কামান নিয়ে বাঁশের কেল্লায় আক্রমণ চালায়। অসম যুদ্ধে তিতুমীর ও তাঁর বহু অনুসারী শহীদ হন। সামরিক শক্তিতে ব্রিটিশ বাহিনী জয়ী হলেও তিতুমীরের প্রতিরোধের ইতিহাস মুছে ফেলতে পারেনি।
আরো পড়ুন : বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর প্রচার, যা বলল বিএনপি
তিতুমীরের সংগ্রাম আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ শিক্ষা। তিনি দেখিয়েছেন, শোষণ ও আধিপত্যের বিরুদ্ধে সাধারণ মানুষকে সংগঠিত করা সম্ভব। অধিকার ও আত্মমর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ প্রতিরোধের কোনো বিকল্প নেই।
আজকের স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে তিতুমীরকে স্মরণ করার বিশেষ তাৎপর্য রয়েছে। রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি, সামাজিক ন্যায়বিচার ও মানুষের মর্যাদা নিশ্চিত করাও জরুরি। ঔপনিবেশিক শাসনের অবসান ঘটলেও আধিপত্য ও শোষণের বিরুদ্ধে সংগ্রামের প্রয়োজন ফুরিয়ে যায়নি।
শহীদ তিতুমীরের শাহাদাতবার্ষিকীতে তাঁর সংগ্রাম ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আল্লাহ তাআলা তাঁর আত্মত্যাগ কবুল করুন। আমিন।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








