আন্তর্জাতিক বিচার আদালত, রায়,  আইসিজে
রোহিঙ্গাদের নিয়ে শুনানীর একটি দৃশ্য। সংগৃহীত

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারকেরা ভোটাভুটির মাধ্যমে মিয়ানমারের বিরুদ্ধে প্রথম তিনটি বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন। এর মধ্যে দুটি বিষয়ে ৯-৬ ভোটে মিয়ানমারের বিরুদ্ধে রায় হয়েছে। আরেকটি বিষয়ে ১৪-১ ভোটে মিয়ানমারের পক্ষে সিদ্ধান্ত দিয়েছেন বিচারকেরা।

প্রথমত, ৯-৬ ভোটে আদালত বলেছেন, মিয়ানমার উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে।

দ্বিতীয়ত, ৯-৬ ভোটে আদালত বলেছেন, মিয়ানমার তার নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি অন্য ব্যক্তিদের মাধ্যমে গণহত্যা সংঘটিত হওয়া ঠেকাতে রাষ্ট্রীয় বাধ্যবাধকতা পালনে ব্যর্থ হয়েছে।

তৃতীয়ত, ১৪-১ ভোটে আদালত বলেছেন, উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর জন্য প্রকাশ্যে উসকানি দেয়নি মিয়ানমার।

তৃতীয় সিদ্ধান্তটি প্রথম দুটির সঙ্গে গুলিয়ে ফেলা যাবে না। আদালত এখানে বলছেন, মিয়ানমার প্রকাশ্যে গণহত্যায় উসকানি দেয়নি; এর অর্থ এই নয় যে, রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচার চালানো হয়নি। আগের পর্যবেক্ষণে আদালত সামরিক বাহিনীর পরিকল্পিত বিদ্বেষমূলক প্রচারের কথা বলেছেন।

্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেয়ার বাধ্যবাধকতা রয়েছে মিয়ানমারের। আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এ বিষয়ে দুটি সিদ্ধান্ত দিয়েছে।

আদালতের ১০-৫ ভোটে সিদ্ধান্ত হয়েছে, গণহত্যা প্রতিরোধে নিজেদের বাধ্যবাধকতা পালনে ব্যর্থতার জন্য মিয়ানমারকে রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণের পরিমাণ এবং কীভাবে তা দেয়া হবে, সে বিষয়েও ১০-৫ ভোটে সিদ্ধান্ত নিয়েছেন বিচারকেরা। এ ছাড়া ক্ষতিপূরণের বাইরে আর কী ধরনের প্রতিকার দিতে হবে, তা-ও নির্ধারণ করবে আদালত।

একই ধরনের অপরাধ আর না করার নিশ্চয়তা দিতে হবে

গণহত্যা সনদের অধীনে নিজেদের বাধ্যবাধকতা লঙ্ঘনের পুনরাবৃত্তি হবে না—এ নিশ্চয়তা ও অঙ্গীকার মিয়ানমারকে দিতে হবে। ভবিষ্যতে যাতে একই ধরনের লঙ্ঘন না ঘটে, সে ব্যবস্থাও নিতে হবে। এ সিদ্ধান্ত ৯-৬ ভোটে গৃহীত হয়েছে।

এ ছাড়া রায়ে উল্লেখ করা পুনর্বাসনমূলক ব্যবস্থা নিতে হবে মিয়ানমারকে। এ সিদ্ধান্ত হয়েছে ১০-৫ ভোটে। এসব ব্যবস্থার বিস্তারিত জানা যাবে রায়ের পূর্ণাঙ্গ পাঠ প্রকাশের পর।

সূত্র : বিবিসি