বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, মিরপুর টেস্ট, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মিরপুর টেস্ট ম্যাচের একটি দৃশ্য। সংগৃহীত

মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষেই জমে উঠেছে লড়াই। মোটাদাগে কেউ এগিয়ে নেই। যদিও ফল আসতে এখনো অনেকটা বাকি, তবে আজ শুক্রবার তৃতীয় দিনেই ম্যাচের গতিপথ অনেকটা স্পষ্ট হয়ে যেতে পারে।

Advertisement

তবে ইতোমধ্যেই ম্যাচের নিয়ন্ত্রণ বোলারদের হাতে। দিনের শুরুতে ক্যারাবিয়ান বোলাররা বাংলাদেশের ইনিংসে ধস নামালেও দিন শেষে স্বস্তিতে নেই তারাও। বাংলাদেশী স্পিনারদের তোপে ভাঙন ধরেছে তাদের ইনিংসে।

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৭২ রানের বিপরীতে ১৩৪ রানে ৪ উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের। প্রথম ইনিংসে লিড নিতে হলে তাদের করতে হবে আরো ১৩৯ রান, বিপরীতে ৬ উইকেট চাই মিরাজ -তাইজুলদের।

অবশ্য বাংলাদেশকে গুটিয়ে দেয়ার পর ব্যাট হাতে ভালোই এগোচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ। একপর্যায়ে ১ উইকেটে তাদের রান ছিল ৯০। সেখান থেকে মাত্র ৭ রানের মাঝে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। 

মেহেদী মিরাজ ও তাইজুলের আঘাতে হঠাৎ ছন্দপতন ঘটে সফরকারীদের ইনিংসে। যদিও দিনের শেষ দিকে আবার প্রতিরোধ গড়েন ত্যাগনারায়ণ চন্দরপল (৪৩) ও জাস্টিন গ্রিভস (১৫)।

আরো কিছু উইকেট তুলে নেয়ার সুযোগ ছিল। কিন্তু বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে স্থানীয় সময় বিকেল ৪টা ৩৫ মিনিটে খেলা শেষের ঘোষণা দেন আম্পায়াররা। ফলে ১৮ ওভার আগেই মাঠ ছাড়তে হয় দুই দলকে।

আজ সকাল সকাল দ্রুত উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে অলআউট করার লক্ষ্য বাংলাদেশের। দিন শেষে সেই লক্ষ্যের কথাই জানিয়েছেন সাদমান ইসলাম। তার আশা, এখান থেকেই লিড নিতে পারবেন তারা।

বলেন, ‘অবশ্যই তো যতো লিড নেয়া যায়, ততো আমাদের জন্য ভালো। যে রকম বোলিং হচ্ছে, যদি আমরা সকাল সকাল দ্রুত উইকেট নিতে পারি, যদি ভালো বল করতে পারি, খুব তাড়াতাড়ি চেষ্টা থাকবে অলআউট করে দেয়ার।’

উল্লেখ্য, এর আগে দ্বিতীয় দিনের শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। আগের দিনের ২১৩ রানের সাথে বেশি রান যোগ করতে পারেনি স্বাগতিকরা। আর মাত্র ৫৯ রান যোগ করতেই হারায় শেষ ৭ উইকেট। 

ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান ৫৩ রান খরচে নেন ৫ উইকেট। যা আশাবাদী করছে বাংলাদেশের স্পিনারদেরও।