
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে উইকেটের পেছনে দেখা যায়নি লিটন দাসকে। জানা গেছে ডান কনুইয়ে চোট পাওয়ায় কিপিংয়ে নেই তিনি। তার অনুপস্থিতিতে গ্লাভস হাতে দায়িত্ব সামলাচ্ছেন জাকের আলী অনিক।
বাংলাদেশ দলের ফিজিওথেরাপিস্ট বায়জেদুল ইসলাম খান জানিয়েছেন, প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় ডান কনুইয়ে আঘাত পান লিটন। চোটটি কন্টিউশন বা আঘাতজনিত ক্ষত। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান ফিজিও।
ব্যাটিংয়ের সময় চোট পেলেও ইনিংস শেষ পর্যন্ত চালিয়ে যান লিটন। বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের দিনে এক প্রান্ত আগলে রেখে ৮৮ বলে ৪ চারে ৩৪ রানে অপরাজিত থাকেন তিনি। তবে ফিল্ডিংয়ে নামতে পারেননি।
লাঞ্চ বিরতিতে জাকের আলীকে কিপিং অনুশীলন করতে দেখা যাওয়ার পরই লিটনের কিপিং না করার বিষয়টি স্পষ্ট হয়। লিটনের জায়গায় কিপিং করতে নেমে ইতোমধ্যে একটি ক্যাচও নিয়েছেন জাকের। হাসান মাহমুদের বলে ব্রেন্ডন কিংকে (১৫) ফিরিয়ে দেন তিনি।
লিটনের চোট কতটা গুরুতর, তা এখনো নিশ্চিত নয়। আপাতত পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তার শারীরিক অবস্থার ওপরই নির্ভর করছে পরবর্তী সময়ে কিপিংয়ে ফেরা।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের রান বাড়ছে। ২৭ ওভার শেষে ১ উইকেটে ৮৯ রান তুলেছে ক্যারিবীয়রা। জন ক্যাম্পবল ফিফটি তুলে নিয়েছেন ওয়ানডে গতিতে, ৬৫ বলে ৫৩ রানে ব্যাট করছেন তিনি। ২১ রানে ব্যাট করছেন ত্যাগনারায়ণ চন্দরপল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








