ককটেল, আঘাত, নিহত,
জাজিরায় এক্সপ্রেসওয়ে অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ককটেল হামলা। নিহত ইব্রাহীম সিপাহী ( ইনসেটে)। নয়া দিগন্ত
ads

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে শরীয়তপুরের জাজিরায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ চলাকালে গুলিবিদ্ধ হয়ে ইব্রাহীম সিপাহী (২৮) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন বলে স্বজনরা দাবি করেছেন। 

এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হলে প্রায় দুই ঘণ্টা পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে সকাল পৌনে ৮টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যান চলাচল স্বাভাবিক হয়।

আরো পড়ুন : ক্ষমতাচ্যুত হয়ে পলাতক, দেশের মাটিতে কবর মেলেনি যাদের

এক্সপ্রেসওয়ে অবরোধ ও ককটেল বিস্ফোরণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৯ নভেম্বর) ভোর ৫টার দিকে জাজিরার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভকারীরা এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটান। 

এর আগে কর্মসূচি প্রতিহত করার লক্ষ্যে শনিবার রাত থেকেই ওই এলাকায় অবস্থান করছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একের পর এক ককটেল বিস্ফোরণের মুখে একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন।

আরো পড়ুন : মধ্যপ্রাচ্যে সক্রিয় ইরান, বদলে যাচ্ছে আঞ্চলিক ভারসাম্য

প্যান্ডেল ও রেস্টুরেন্টে অগ্নিসংযোগ

বিএনপির নেতাকর্মীরা সরে যাওয়ার পর বিক্ষোভকারীরা বিএনপির সমাবেশের প্যান্ডেল, একটি মার্কেট, পদ্মা ফুডভ্যালি রেস্টুরেন্ট এবং অন্তত ২০ থেকে ২৫টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। পাশাপাশি কয়েকটি ফুটপাতের দোকানেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, দেশীয় অস্ত্রশস্ত্র হাতে বিক্ষোভকারীরা এক্সপ্রেসওয়ে অবরোধ করে ককটেল ফাটাচ্ছেন এবং নানা স্লোগান দিচ্ছেন। একই ফুটেজে বিএনপির সমাবেশস্থলে ভাঙচুরের চিত্রও ধরা পড়েছে। এ ছাড়া অবরোধ চলাকালে গুলিবিদ্ধ হয়ে ইব্রাহীমের মৃত্যুর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

আরো পড়ুন : যেভাবে অল্পের জন্য রক্ষা পেলেন হামাসপ্রধানের ছেলে

নিহতের পরিচয় ও পাল্টাপাল্টি দাবি

নিহত ইব্রাহীম সিপাহী শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের মধ্য সোনামুখী গ্রামের মরহুম হাফিজ উদ্দিন সিপাহীর ছেলে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন বলে শোনা গেলেও তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে নিহত ইব্রাহীমের ছবি ও বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ফরম প্রকাশ করে তাকে বিএনপির কর্মী বলে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ময়নাতদন্ত ও সংশ্লিষ্টদের বক্তব্য

দুপুর সাড়ে ১২টার দিকে মাদারীপুরের শিবচরের সাহেব বাজার এলাকা থেকে একটি অ্যাম্বুলেন্সে করে ইব্রাহীমের লাশ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে নেয়া হয়। সেখানে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ মর্গে পাঠান।

এ সময় ওসি শাহ আলম বলেন, ‘লাশের চোখের কোনে একটি সামান্য আঘাত রয়েছে এবং বুকে একটি ছোট ছিদ্র দিয়ে কিছু রক্ত বের হয়েছে। এ ছাড়া তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

নিহতের ভাবি শাহিদা আক্তার বলেন, ‘আমরা মোবাইল ফোনে খবর পাই ইব্রাহীম গোলাগুলির মধ্যে গুলিতে নিহত হয়েছে। এই খবর পেয়ে আমরা হাসপাতালে আসছি। তবে কিভাবে নিহত হয়েছে তা আমরা সঠিকভাবে বলতে পারবো না।’

নিহতের চাচাতো ভাই আনোয়ার হোসেন বলেন, ‘আমি ঢাকায় ছিলাম। সকালে ইব্রাহীমের ফোন থেকে কল করে আমাকে জানানো হয়, পদ্মা সেতুর নাওডোবায় অবরোধ চলাকালে গুলিতে ইব্রাহীম নিহত হয়েছে। পরে তারাই ইব্রাহীমকে একটি অ্যাম্বুলেন্সে করে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়ে দেন। আমার জানামতে, ইব্রাহীম যুবলীগ করত।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: জাকারিয়া রহমান বলেন, ‘বিক্ষোভকারীরা অবরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। কোনো ধরনের প্রাণহানি যেন না ঘটে, সেদিকে লক্ষ্য রেখে পুলিশ ধৈর্য ধরে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেছে। বর্তমানে পদ্মা সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’