সৌদি আরব, সেনা পাঠাল, পাকিস্তান
সৌদি আরবে যে সব সেনা যাচ্ছেন তাদের সাথে আনুষ্ঠানিক ছবির একাংশ। দ্য এক্সপ্রেস ট্রিবিউন
ads

সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে দেশটিতে সেনা পাঠিয়েছে পাকিস্তান। শনিবার এক বিদায় অনুষ্ঠানের মাধ্যমে পাকিস্তান সেনাবাহিনীর একটি দল সৌদি আরবের উদ্দেশে রওনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের অঙ্গীকারের অংশ হিসেবে এই সেনা মোতায়েন করা হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন রোববার (২৯ নভেম্বর) পাকিস্তান সেনাবাহিনীর গণসংযোগ দফতর আইএসপিআরের বরাত দিয়ে জানিয়েছে, দুই দেশের মধ্যে নির্ধারিত সমঝোতা ও প্রতিরক্ষা সহযোগিতার কাঠামো অনুযায়ী সৌদি ভূখণ্ডে দায়িত্ব পালন করবেন পাকিস্তানি সেনারা। সৌদি আরবের নিরাপত্তা ও পবিত্র দুই মসজিদের মর্যাদা রক্ষায় পাকিস্তান অঙ্গীকারবদ্ধ । বিদায় অনুষ্ঠানে পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত রাজেহ তামি আলবুগামি এবং দেশটির সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ২৭ নভেম্বর ইসলামাবাদে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কর্মকর্তারা বৈঠক করেন। মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় অনুষ্ঠিত ওই বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা ও সৌদি আরবে হাউছিদের হামলা নিয়ে আলোচনা হয়। তিন দেশ সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় যৌথ প্রচেষ্টা জোরদারের অঙ্গীকার করে।

গত ৭ আগস্ট মক্কায় তিন দেশের শীর্ষ সম্মেলনে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করা হয়। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে পাকিস্তান ও সৌদি আরব কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি করে। মক্কা চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে তা সবার ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। গত ৫ নভেম্বর তুরস্কের পার্লামেন্টও চুক্তিটি অনুমোদন করে।

সৌদি আরবে হাউছিদের নতুন করে হামলার নিন্দা জানিয়ে আসছে পাকিস্তান। গত ২০ নভেম্বর রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি টাওয়ারে হামলাকে সৌদি সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করে পাকিস্তানের পররাষ্ট্র দফতর। এর আগে ৯ নভেম্বর সৌদি আরামকোর একটি ভবনে হামলার চেষ্টারও নিন্দা জানায় ইসলামাবাদ। গত ২৬ অক্টোবর মক্কা ও মদিনা অঞ্চলে হাউছিদের ক্ষেপণাস্ত্র হামলারও নিন্দা করে পাকিস্তান। ২৪ অক্টোবর সৌদি কর্তৃপক্ষ মক্কা, জেদ্দা, তায়েফ ও ইয়ানবুতে সতর্কতা জারি করেছিল। সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, হাউছিদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়।

ইয়েমেনে জাতিসঙ্ঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত জুলাইয়ে নতুন করে সংঘাত শুরু হয়। সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, অক্টোবরে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হাউছিরা ২০টি হামলা চালায়। এতে ১৭ জন নিহত ও ৩৩৩ জন আহত হন। আভা বিমানবন্দরেও হামলা হয়।

২০১৫ সালে ইয়েমেনের রাজধানী সানা থেকে হাউছিদের হটাতে আরব জোটের নেতৃত্ব দিয়ে যুদ্ধে যোগ দেয় সৌদি আরব। দীর্ঘ সংঘাতে লাখ লাখ ইয়েমেনি নিহত হয়েছেন। ২০২২ সালের যুদ্ধবিরতি চলতি বছরের গ্রীষ্মে ভেঙে পড়ার পর হাউছিরা দ্রুত অগ্রসর হয়ে সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর কাছ থেকে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নেয়।