চিতলমারীতে আওয়ামী সংযোগের অভিযোগে বিএনপি নেতাকে অব্যাহতি
ভারপ্রাপ্ত সভাপতি মো: মোতালেব শেখ (উপরে) ও সভাপতি পদ থেকে অব্যাহতিপ্রাপ্ত খান মনিরুজ্জামানকে । নয়া দিগন্ত
ads

বাগেরহাটের চিতলমারী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি খান মনিরুজ্জামানকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডু, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, মো: শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট অসীম সমাদ্দার ও যুগ্ম আহ্বায়ক শিপন মুন্সি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে গণমাধ্যমের সাংবাদিকদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিবিড় যোগাযোগ ও সহযোগিতার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পাঁচ নম্বর চিতলমারী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি খান মনিরুজ্জামানকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে এক নম্বর সহ-সভাপতি মো: মোতালেব শেখকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে খান মনিরুজ্জামান বলেন, ‘সব সময় আমি দলের প্রতি শ্রদ্ধাশীল। এইমাত্র দলীয় কাজ সেরে চিতলমারীতে পৌঁছালাম। আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে এটা করা হয়েছে।’

এ বিষয়ে চিতলমারী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে চিতলমারী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি পদ থেকে খান মনিরুজ্জামানকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সাথে এক নম্বর সহ-সভাপতি মো: মোতালেব শেখকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে।’