ফেনী সীমান্ত, পরশুরাম সীমান্ত, ভারতে অনুপ্রবেশ, বিজিবি, নিজকালিকাপুর সীমান্ত, একই পরিবারের তিনজন আটক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পরশুরাম থানা
ভারতে অনুপ্রবেশকালে একই পরিবারের আটক তিনজন । নয়া দিগন্ত
ads

ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে একই পরিবারের তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার ভোর সাড়ে ৩টার দিকে নিজকালিকাপুর সীমান্তের শূন্যরেখার কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবি ফেনী ব্যাটালিয়নের নিজকালিকাপুর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২১৫৯/৩-এস সংলগ্ন শূন্যরেখার কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে বেড়িবাঁধ এলাকা থেকে তিনজনকে আটক করে।

আটকরা হলেন কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও এলাকার রিপন মজুমদার (৫৫), তার স্ত্রী ডলি মজুমদার (৪৮) ও ছেলে প্রলয় মজুমদার (২৬)। প্রলয় মজুমদার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন মজুমদার দীর্ঘদিন ধরে আইবিএস সমস্যায় ভুগছেন বলে জানান। উন্নত চিকিৎসার জন্য ভারতে যেতে দীর্ঘদিন ধরে ভিসার অপেক্ষা করেও সাড়া না পেয়ে স্থানীয় দালাল হাসানের মাধ্যমে ৬০ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে প্রবেশের পরিকল্পনা করেন তারা। এ উদ্দেশ্যে তারা নিজকালিকাপুর সীমান্ত এলাকায় আসেন।

৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: হাসিবুল ইসলাম জানান, অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে আটক তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে।