শ্রমিক বিক্ষোভ
মহাসড়কে শ্রমিকদের অবস্থান। নয়া দিগন্ত
ads

ন্যূনতম মজুরি ও বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলন মঙ্গলবার আরও ছড়িয়ে পড়েছে। সকাল থেকে গাজীপুর সদর, মহানগরের কোনাবাড়ী, জরুন, মাস্টারবাড়ী, চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, টঙ্গীর সাতাইশ, দেওড়া, মুদাফা, ভাদাম, কাশিমপুর ও শ্রীপুরসহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর, মেম্বারবাড়ী, বাঘের বাজারের নতুন বাজার ও ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একই সময়ে নগরীর কোনাবাড়ী, জরুন ও মাস্টারবাড়ী এলাকাতেও শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। পরে নাওজোড় ও ইটাহাটা এলাকার শ্রমিকরা চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে গুরুত্বপূর্ণ এসব সড়কে যান চলাচল বন্ধ ও বিঘ্নিত হয়। আটকে পড়েন যাত্রী ও পরিবহন চালকেরা।

বিভিন্ন এলাকায় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। উদ্ভূত পরিস্থিতিতে গাজীপুরের প্রায় ৫০ শতাংশ পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।

কোনাবাড়ীতে শ্রমিক মৃত্যুর গুজবে উত্তেজনা
গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকের মৃত্যুর গুজবকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সকালে ইসলাম গার্মেন্টসে একজন শ্রমিক মারা গেছেন— এমন খবর ছড়িয়ে পড়লে ইসলাম ও রিপন গার্মেন্টসসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা লাঠিসোঁটা হাতে আঞ্চলিক সড়কে অবস্থান নেন।

পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে সকাল পৌনে ১০টার দিকে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে ইসলাম গার্মেন্টসসহ আশপাশের কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

কোনাবাড়ী মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন জানান, শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। পরে তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। শ্রমিক মৃত্যুর বিষয়টি গুজব তিনি জানান।  

ভবানীপুর-মেম্বারবাড়ী ও বাঘের বাজারে মহাসড়ক অবরোধ
সকাল ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী ও ভবানীপুর এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। একই সময়ে বাঘের বাজারের নতুন বাজার এলাকায়ও শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের দুই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় পৌনে এক ঘণ্টা ধরে চলা অবরোধে যাত্রী ও পরিবহন চালকেরা চরম দুর্ভোগে পড়েন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গাজীপুরের উপপরিচালক মো: আশিকুজ্জামান জানান, সকাল ৯টা ২০ মিনিটের দিকে বাঘের বাজার এলাকার সিলিকন, মণ্ডল গ্রুপসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বেরিয়ে আসেন। পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে ভবানীপুরের দিকে অগ্রসর হন। এতে মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি মোকাবিলায় বাঘের বাজারে আনসার ব্যাটালিয়নের দুটি রিজার্ভ দল পাঠানো হয়। পরে বাঘের বাজার ও মাওনা এলাকায় আনসারের দুটি দল দায়িত্ব পালন করে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ওই এলাকায় আন্দোলন নিয়ন্ত্রণে এসেছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে।

ভোগড়া বাইপাসে সড়কে সিমেন্টের ব্লক
ভোগড়া বাইপাস এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কে সিমেন্টের ব্লক ফেলে অবরোধ সৃষ্টি করেন শ্রমিকরা। এতে ওই সড়কেও যান চলাচল ব্যাহত হয়। অন্যদিকে নাওজোড় ও ইটাহাটা এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা চান্দনা চৌরাস্তা এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একই সময়ে কেএম ফ্যাশনসহ আশপাশের কয়েকটি কারখানার আনুমানিক ৭০০ থেকে ৮০০ শ্রমিক গাজীপুর চৌরাস্তা এলাকায় জড়ো হয়ে ফ্লাইওভারের ওপর দিয়ে সালনার দিকে অগ্রসর হন।

জরুন, মাস্টারবাড়ী ও টঙ্গীতেও বিক্ষোভ
নগরীর জরুন এলাকায় আগের দিন একজন শ্রমিক আহত হওয়ার খবর ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরাও তাদের সাথে যোগ দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

মাস্টারবাড়ী এলাকাতেও শ্রমিকরা একই দাবিতে সড়কে নামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করেন। এদিকে টঙ্গীর গার্মেন্টস পল্লী হিসেবে পরিচিত সাতাইশ এলাকায় বেলা পৌনে ১২টার দিকে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। টঙ্গীর সাতাইশ, দেওড়া ও মুদাফা, ভাদামসহ বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ ছাড়া কাশিমপুর ও শ্রীপুরের বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরাও আন্দোলনে অংশ নেন।

৪৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, প্রায় অর্ধেকে ছুটি
শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তা পরিস্থিতির কারণে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে কারখানা বন্ধের সংখ্যা বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিভিন্ন এলাকায় মোট ৪৩টি কারখানা এখনো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া মঙ্গলবার বাঘের বাজার এলাকার ১১টি এবং কোনাবাড়ী এলাকার ১২টি কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে এসব দুই এলাকায় ২৩টি কারখানায় মঙ্গলবারের জন্য ছুটি দেয়া হয়েছে।

অন্যদিকে শ্রমিক নেতাদের দাবি, চলমান অসন্তোষ ও নিরাপত্তা পরিস্থিতির কারণে গাজীপুরের প্রায় ৫০ শতাংশ পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এ সংখ্যার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। অন্যান্য অনেক কারখানায় উৎপাদন কার্যক্রম চালু থাকলেও শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ সুপার মো: আমজাদ হোসেন জানান, মঙ্গলবার সকালে ভবানীপুর, মেম্বারবাড়ী ও বাঘের বাজারসহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বেলা সোয়া ১০টা পর্যন্ত কয়েকটি স্থানে শ্রমিকরা সড়কে অবস্থান করছিলেন। কোনাবাড়ী এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরাও কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করেছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ, জেলা পুলিশ, বিজিবি, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: আশিক সাঈদ জানান, জরুন, কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা মহাসড়কে জড়ো হয়েছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন।

শ্রমিকদের বেতন ও মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিরতা বাড়তে থাকায় শিল্পকারখানার উৎপাদন ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শ্রমিকদের দাবি, কারখানার নিরাপত্তা ও উৎপাদন সচল রাখার পাশাপাশি চলমান সঙ্কট নিরসনে মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও প্রশাসনের মধ্যে কার্যকর আলোচনার ভিত্তিতে একটি গ্রহনযোগ্য মজুরির ঘোষণা  শিগগিরই দেয়া উচিত।