
চীনের মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো কোনো বিদেশি নভোচারী পাঠানো হচ্ছে। এ অভিযানে অংশ নিতে যাচ্ছেন পাকিস্তানের ৪০ বছর বয়সী নভোচারী মুহাম্মদ জিশান আলী। চীনের দুই নভোচারীর সাথে বুধবার মহাকাশের উদ্দেশে যাত্রা করবেন তিনি।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার (২৪ নভেম্বর) আরো জানায়, চীন মঙ্গলবার তাদের শেনঝৌ-২৪ মহাকাশযানের নভোচারীদের নাম ঘোষণা করেছে। চীনের জিউছুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে বুধবার সকালে মহাকাশযানটি উৎক্ষেপণের কথা রয়েছে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, চায়না ম্যানড স্পেস এজেন্সি অভিযানের জন্য পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী ছাড়াও চীনের দুই নভোচারী তাং হংবো (৫১) ও উ ই (৩৯)-এর নাম ঘোষণা করেছে।
চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, পাকিস্তানি নভোচারী স্বল্প সময়ের জন্য মহাকাশে অবস্থান করবেন। অভিযানে তিনি পেলোড বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করবেন। মহাকাশ স্টেশনে অবস্থানকালে চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে পরিচালিত বিভিন্ন গবেষণার দেখভাল করবেন তিনি। পাশাপাশি স্টেশনের দৈনন্দিন কাজেও অংশ নেবেন।
এ অভিযানে জীবপ্রযুক্তি ও উপকরণবিজ্ঞানের চারটি গবেষণা প্রকল্প পরিচালনা করবেন জিশান আলী। এর মধ্যে সালোকসংশ্লেষণকারী অণুজীব নিয়ে মহাকাশে একটি পরীক্ষাও চালাবেন তিনি। সিসিটিভি এ তথ্য জানিয়েছে।
স্বল্প সময়ের এই অভিযান শেষে শেনঝৌ-২৩ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরে আসবেন পাকিস্তানি নভোচারী। সিসিটিভির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
চীনের মানববাহী মহাকাশ কর্মসূচির ইতিহাসে এই অভিযান একটি নতুন অধ্যায় যোগ করতে যাচ্ছে। প্রথমবারের মতো চীনা ও বিদেশি নভোচারীরা একসাথে মহাকাশযাত্রা করবেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চীন ও পাকিস্তানের মধ্যে সই হওয়া একটি চুক্তির আওতায় এ অভিযান পরিচালিত হচ্ছে।
চীনের দুই নভোচারীর মধ্যে তাং হংবো এর আগে দুইবার মহাকাশ অভিযানে অংশ নিয়েছেন। অন্যদিকে উ ই ও জিশান আলী প্রথমবারের মতো মহাকাশে যাচ্ছেন। সিসিটিভি জানিয়েছে, এই অভিযানের মধ্য দিয়ে তাং হংবো প্রথম নভোচারী হিসেবে চীনের থিয়েনকং মহাকাশ স্টেশনে তিনবার যাওয়ার রেকর্ড গড়বেন।
এদিকে ২০৩০ সালের মধ্যে চাঁদে প্রথমবারের মতো নভোচারী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন। মহাকাশ গবেষণায় দেশটির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হয় যুক্তরাষ্ট্রকে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ২০২৮ সালে চাঁদের পৃষ্ঠে নভোচারী অবতরণের লক্ষ্য নিয়ে এগোচ্ছে।
এর আগে গত ৭ নভেম্বর ‘চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন পাকিস্তানি নভোচারী’ শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল চীনের শেনঝৌ-২৪ অভিযানে অংশ নিতে পাকিস্তানের একজন নভোচারীকে নির্বাচন করা হয়েছে। তবে তখনো তার নাম ঘোষণা করা হয়নি। অভিযানের প্রস্তুতি হিসেবে পাকিস্তানের দুই পাইলট মুহাম্মদ জিশান আলী ও খুররম দাউদ বেইজিংয়ের চায়না অ্যাস্ট্রোনট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নিচ্ছিলেন। প্রতিবেদনে আরো বলা হয়, পাকিস্তানের প্রথম চন্দ্রযান জিন্নাহ-১ পাঠানোর উদ্যোগও নিয়েছে চীন।
এ ছাড়া, ১৮ অক্টোবর প্রকাশিত আরেক প্রতিবেদনে উল্লেখ করা হয়, চীনের সহযোগিতায় পাকিস্তানের প্রথম নভোচারীকে মহাকাশে পাঠানোর প্রস্তুতি চলছে। ওই সময় পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল জানিয়েছিলেন, দেশটির দুই প্রতিনিধি মুহাম্মদ জিশান আলী ও খুররম দাউদের মধ্য থেকে একজনকে চূড়ান্ত অভিযানের জন্য বেছে নেয়া হবে। একই সাথে ২০৩৫ সালের মধ্যে চাঁদে পৌঁছানোর লক্ষ্য এবং ২০২৮ সালের দিকে চীনের চাং’ই-৮ অভিযানে পাকিস্তানের একটি চন্দ্রযান পাঠানোর প্রস্তুতির কথাও জানানো হয়েছিল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









