ইরান ও যুক্তরাষ্ট্রের পতাকা
ইরান ও যুক্তরাষ্ট্রের পতাকা। সংগৃহীত ছবি
ads

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। নতুন নিষেধাজ্ঞার আওতায় এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যারা ইরানের কথিত শ্যাডো ব্যাংকিং নেটওয়ার্ক অর্থাৎ ছায়া বা বিকল্প ব্যাংকিং ব্যবস্থার সাথে যুক্ত বলে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের ওয়েবসাইটে সোমবার (২৩ নভেম্বর) পোস্ট করা এক বিজ্ঞপ্তি থেকে ইরানের ওপর ট্রাম্প প্রশাসনের আরোপ করা এই নতুন নিষেধাজ্ঞার বিষয়ে জানা যায়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মার্কিন ট্রেজারি বিভাগ ইরান-সংশ্লিষ্ট আটজন ব্যক্তি এবং ইরান, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও হংকংয়ে অবস্থিত ২২টি সংস্থাকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করেছে।

মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে যে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের আগস্টের মধ্যে আনুমানিক ১৪ দশমিক ৭ বিলিয়ন ডলার মূল্যের আর্থিক কার্যকলাপ শনাক্ত করেছে ফিনান্সিয়াল ক্রাইমস এনফোর্সমেন্ট নেটওয়ার্ক বা ফিনসেন, যা ইরানের ‘শ্যাডো ব্যাংকিং’ ব্যবস্থার সাথে যুক্ত বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞপ্তি অনুসারে, প্রায় তিন বছর আগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিয়ে প্রতিষ্ঠিত ‘ইরানি মুদ্রা ও স্বর্ণ বিনিময় প্রতিষ্ঠান’-কেও নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

মার্কিন ট্রেজারি বিভাগ বলছে, ‘ইরানের ‘শ্যাডো ব্যাংকিং সিস্টেম’ দেশটির আন্তর্জাতিক বাণিজ্য থেকে তহবিল স্থানান্তরের জন্য দায়ী। যেখানে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রেখেছে ইরান এক্সচেঞ্জ সেন্টার। যা এই সম্পদগুলোকে দেশটির ভেতরে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে।’

সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো ইরানের বিরুদ্ধে চলমান ‘অর্থনৈতিক বিচ্ছিন্নকরণ’ অভিযানের একটি অংশ, যার লক্ষ্য বিশ্বজুড়ে ইরানের অর্থনৈতিক স্বার্থ ও আর্থিক নেটওয়ার্কগুলোকে লক্ষ্যবস্তু বানানো।

ইসরাইলের বিরোধিতা
এদিকে, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেয়ার বিষয়ে বিপক্ষে অবস্থান নিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী পদে লড়াই করা দুই নেতা বেনিয়ামিন নেতানিয়াহু এবং গাদি আইজেনকোট।

ইসরাইলে নতুন সরকার গঠন নিয়ে আলোচনার মধ্যেই গাদি আইজেনকোট বলেছেন যে, ইরানের বিরুদ্ধে এখনই সামরিক পদক্ষেপের কোনো প্রয়োজন তিনি দেখছেন না।

ইসরাইলি সেনাবাহিনীর সাবেক প্রধান এবং বর্তমানে দেশটির প্রধানমন্ত্রী পদপ্রার্থী গাদি আইজেনকোট এক সংবাদ সম্মেলনে বলেছেন যে, ইসরাইলি সরকারের কাছে ইরান হুমকিই সবচেয়ে গুরুতর।

কিন্তু এই মুহূর্তে তিনি এমন কোনো প্রত্যক্ষ ও তাৎক্ষণিক হুমকি দেখছেন না, যার জন্য নতুন সরকার গঠনের আগে পদক্ষেপ নেয়া প্রয়োজন।

অন্যদিকে ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করেছেন যে, বর্তমানে ইরানের ‘গুরুতর ও মারাত্মক হুমকির’ সম্মুখীন ইসরাইল, যা অবমূল্যায়ন করা উচিত হবে না বলেই মনে করেন তিনি।

ইসরাইলের সংসদে এক ব্রিফিংয়ে নেতানিয়াহু বলেন, ‘যারা এ তাৎক্ষণিক ও গুরুতর হুমকিগুলোকে তুচ্ছ বা অবমূল্যায়ন করছে, তারা রাজনৈতিক কারণে এমনটা করছে।’ 

গাদি আইজেনকোটকে ৬ ডিসেম্বরের মধ্যে একটি নতুন সরকার গঠন করতে হবে, এ সময় আরো ১৪ দিনের জন্য বাড়ানো যেতে পারে।

উল্লেখ্য যে, অক্টোবরে ইসরাইলে অনুষ্ঠিত নির্বাচনে কোনো রাজনৈতিক দলই সংসদে সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

ইরানের প্রতিক্রিয়া
পারমানবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকে সরে আসার বিষয়ে ইরান এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইরান এখনো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য এবং যতদিন এ চুক্তির পক্ষে থাকবে, ততদিন এতে অন্তর্ভুক্ত বাধ্যবাধকতাগুলো মেনে চলতে থাকবে।’

অন্যদিকে ইরানের সংসদে জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেন, ‘এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার একটি পরিকল্পনা প্রস্তুত রয়েছে।’

তিনি ঘোষণা করেছেন যে, ‘দেশ যখনই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, প্রকল্পটি স্বল্পতম সময়ের মধ্যে অনুমোদন করা হবে।’

এছাড়া দেশটির ক্ষতিগ্রস্ত পাবমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ এর পরিদর্শনের বিষয়েও আপত্তি জানিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির মুখপাত্র হাসান কাশকাউই।

তিনি বলেছেন যে, ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার অনুরোধের কোনো আইনি ভিত্তি নেই।

হাসান কাশকাউই বলেছেন, ইরান, রাশিয়া ও চীনের যৌথ বিবৃতি আইএইএ-এর ‘অযৌক্তিক দাবির’ বিষয়ে এই দেশগুলোর অবস্থান তুলে ধরে।

তার মতে, ‘এনপিটির অধীনে সুরক্ষা চুক্তির (সুরক্ষা) ৬৮ নং অনুচ্ছেদে সামরিক আক্রমণের আওতায় আসতে পারে এমন এলাকাগুলোকে সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়নি এবং এ বিষয়ে কোনো প্রোটোকলও নেই।’

তিনি বলেন, ‘সংস্থাটি আমাদেরকে একটি বেআইনি কাজে প্ররোচিত করছে।’

মিজান নিউজ অ্যাজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে কাশকাউই বলেন, ‘তারা পরিদর্শন করতে চায়, কিন্তু যখন তাদের জিজ্ঞেস করা হয় যে কোন আন্তর্জাতিক পদ্ধতি, সূত্র বা নিয়মের অধীনে তারা এটি করতে চায়, তখন তাদের কাছে কোনো উত্তর থাকে না।’

পশ্চিমা দেশগুলো ‘সামরিক আক্রমণের মাধ্যমে যা অর্জন করতে পারেনি, তা সম্ভবত কূটনৈতিক চাপের মাধ্যমে অর্জন করার জন্য’ সংস্থাটিকে ব্যবহার করছে বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র : বিবিসি