সীমান্তের ওপারে সশস্ত্র প্রশিক্ষণ এপারে নাশকতা নেতাকর্মীদের
ads

এস এম মিন্টু 

ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর প্রস্তুতি হিসেবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সীমান্তের ওপারে সশস্ত্র প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। সংগঠনটির ৩০ থেকে ৩৫ হাজার নেতাকর্মীকে ওপারের বিভিন্ন এলাকায় এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে সূত্রে জানা যায়। অভিযোগ উঠেছে, প্রতিবেশী দেশের একটি গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে এই সশস্ত্র প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর পরামর্শে এই উদ্যোগ নেয়া হয় বলে সূত্র জানায়। 
বিদেশে পলাতক সাবেক মন্ত্রী-এমপি ও সিনিয়র নেতারা এরই মধ্যে কলকাতায় অবস্থান করে দফায় দফায় মিটিং করছেন। সেখানে থেকেই নাশকতার ছক কষছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। অপর দিকে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং সরকারদলীয় ও বিরোধীদলীয় এমপি নেতাকর্মীদের বাড়িঘরে ভাঙচুর আগুনের ঘটনা ঘটিয়েছে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা।  
ডিসেম্বরকে সামনে রেখে দেশজুড়ে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, দাঁড় করানো বাসে আগুন, মহাসড়কে যানবাহন পোড়ানো এবং সবশেষ থানায় হামলা- সব মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থার সক্ষমতা নিয়ে এখন প্রশ্ন উঠছে। তবে পুলিশ সদর দফতর কঠোর বার্তা দিয়েছে, চেকপোস্ট বেড়েছে কয়েকগুণ, গ্রেফতারও চলছে অব্যাহত। তবু প্রশ্ন থেকেই যায়; এত কিছুর পরও কেন থামছে না নাশকতা।
১২ দিনের চিত্র : পুলিশের তথ্য অনুযায়ী, ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় সারা দেশে ৩৮টি মামলা হয়েছে, গ্রেফতার হয়েছেন ৬৩ জন। এই সময়ে তিনটি পুলিশ স্থাপনায়ও অগ্নিসংযোগ ও ভাঙচুর হয়।
সবচেয়ে উদ্বেগজনক ছিল ১০ নভেম্বরের চিত্র। সেদিন ঢাকাসহ সারা দেশে ৩৩টি ককটেল বিস্ফোরণ ও ১৩টি যানবাহনে অগ্নিসংযোগ হয়। শুধু রাজধানীতেই নাশকতার ঘটনায় গ্রেফতার হন ৫৯ জন, যাদের মধ্যে ৩৩ জনকে ঘটনাস্থল থেকে হাতেনাতে ধরা হয়েছে বলে পুলিশ সদর দফতর জানিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের পেছন থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধারের খবরও এসেছে। মহাখালী বাস টার্মিনালে বিস্ফোরণ ঘটিয়ে কয়েকজন পালিয়ে যান, একই রাতে মিরপুরে জাতীয় চিড়িয়াখানার সামনে পার্কিং করা বাসে আগুন দেয়া হয়।
যেসব এলাকায় সশস্ত্র প্রশিক্ষণ : গোয়েন্দা সূত্র মতে আলোচিত প্রশিক্ষণ এলাকার অন্যতম হচ্ছে, দিনাজপুর জেলার সদর, বিরামপুর, ফুলবাড়ী ও চিরিরবন্দর উপজেলার সীমান্তের ওপারে এবং যশোরের প্রধান সীমান্ত এলাকা বেনাপোল (ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল)। ভারতের সীমান্ত অংশের শার্শা ও চৌগাছা উপজেলা, ধান্যখোলা, রঘুনাথপুর, সাদীপুর, ঘিবা, পুটখালী, বাহাদুরপুর, দৌলতপুর, বড় আঁচড়া ও গতিপাড়া। এ ছাড়া সিলেটের জকিগঞ্জের ওপারে ভারতের মেঘালয় রাজ্যের আশপাশের এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা প্রশিক্ষণ নিয়েছে বলে গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে। 
গোয়েন্দা তথ্যে কী আছে : সীমান্তের ওপারে প্রশিক্ষণ ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রগুলো ডিসেম্বরকে ঘিরে বড় পরিকল্পনার আশঙ্কার কথা বলছেন। একটি প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি গ্রেফতার কয়েকজন সন্দেহভাজনের দেয়া তথ্য এবং মুঠোফোনের কথোপকথন ও বার্তা বিশ্লেষণ করে গোয়েন্দারা বড় ধরনের নাশকতার পরিকল্পনার আশঙ্কা করছেন, এতে গোয়েন্দা নজরদারি উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে।
নির্দিষ্ট ঝুঁকির তথ্যও উঠে এসেছে। গোয়েন্দা তথ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অন্তত ১৪টি নির্জন ও কৌশলগত পয়েন্টে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের আশঙ্কা চিহ্নিত হয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ-যুবলীগের কয়েকজন নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদে মহাসড়কে নাশকতার পরিকল্পনা সম্পর্কে তথ্য মিলেছে বলে পুলিশ জানিয়েছে। আরেক সূত্রের দাবি, নাশকতাকারীরা থানা ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পাশাপাশি সড়ক ও নৌ যোগাযোগ বিচ্ছিন্ন করার পরিকল্পনা করছে। 
সদর দফতরের নির্দেশনা ও মাঠের প্রস্তুতি : পুলিশ সদর দফতর মাঠপর্যায়ে কঠোর বার্তা দিয়েছে। ককটেল ও আগুন-সন্ত্রাসীদের প্রতিহত করতে তৎপরতা বাড়ানো হয়েছে এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও মাঠে নেমেছেন। আইজিপি অনলাইন বৈঠকে পদ্মার ওপারের চার জেলার পুলিশ সুপারদের কড়া নির্দেশনা দেন। পুলিশ সদর দফতরের মুখপাত্র জানান, আইনশৃঙ্খলা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। পুলিশ সদর দফতর মুখপাত্র এআইজি কামরুন মুনীরা গতকাল নয়া দিগন্তকে জানান, গোয়েন্দা নজরদারি বাড়ানো, ঝুঁকিপূর্ণ এলাকায় টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে। 
থানায় হামলা, প্রাণহানি : নাশকতার ঘটনা রাজধানী ছাড়িয়ে জেলায় ছড়িয়েছে। ১৭ নভেম্বর রাত থেকে ১৮ নভেম্বর রাত পর্যন্ত অন্তত ২১ জেলায় ককটেল বিস্ফোরণ, বাস-ট্রেনে অগ্নিসংযোগ, পুলিশের গাড়িতে হামলা ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে, এতে চারজনের প্রাণহানি হয়েছে। গোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মহড়া এবং একটি বেসরকারি হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। টুঙ্গিপাড়া থানায় আগুনে পুলিশের ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়ে গেছে, নিরাপত্তাঝুঁকির কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতেও বেগ পেতে হয়েছে।
১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির দিনেও ঘটনা থামেনি। সেদিন বুধবার রাত থেকে দুপুরের মধ্যে ১৬ জেলায় সরকারি-বেসরকারি স্থাপনা ও যানবাহনে অগ্নিসংযোগ বা নাশকতার খবর পাওয়া যায়, যার মধ্যে গোপালগঞ্জে এক বিএনপি সংসদ সদস্যের বাড়িতে হামলাও রয়েছে। ডিএমপির এক বার্তায় জানানো হয়, নাশকতায় জড়িত থাকার অভিযোগে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৭১ সদস্য গ্রেফতার  হয়েছেন।
একদিনে তিন সীমান্ত পরিদর্শন বিজিবি ডিজির : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী গত সোমবার একদিনের সফরে কুমিল্লা, ফেনী এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। তার মধ্যে ফেনীর বিলোনিয়া ও মজুমদারহাট সীমান্ত ফাঁড়ি, কুমিল্লা এবং আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ও সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করেন। তিনি বলেছেন, ডিসেম্বর মাসকে সামনে রেখে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা, বিতর্কিত ও অননুমোদিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকানো এবং অবৈধভাবে দেশত্যাগ বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়াও পুশইন, মাদক, অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করার ওপর গুরুত্বারোপ দিয়েছেন। 
ঢাকায় চেকপোস্ট : ঢাকায় চেকপোস্ট বেড়ে ছয়গুণ হয়েছে। নাশকতার উদ্দেশ্যে ছদ্মবেশে থাকা সন্দেহভাজনদের শনাক্তে গুরুত্বপূর্ণ শহরের আবাসিক হোটেল ও মেসে তথ্য সংগ্রহ জোরদারের কথাও জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। এ ছাড়া বিশেষায়িত পুলিশ ইউনিট ও এপিবিএনকে মাঠপর্যায়ে দায়িত্ব দেয়া হয়েছে।
এসআরবির বক্তব্য : স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী বলেন, আগামী ডিসেম্বর ঘিরে রাজধানীসহ সারা দেশে নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ডে নিষিদ্ধ সংগঠনের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে উসকানিমূলক প্রচারণা, গুজব, সহিংসতা বা নাশকতার পরিকল্পনা ও অপকর্ম ছড়িয়ে দেয়ার অপচেষ্টা প্রতিরোধে এসআরবি সাইবার প্যাট্রলিং ও অনলাইন মনিটরিং কার্যক্রম জোরদার করেছে। অনলাইন মাধ্যমে প্রকাশিত বিভিন্ন তথ্য ও কনটেন্ট পর্যবেক্ষণ করে সম্ভাব্য ঝুঁকি ও নাশকতার আগাম ইঙ্গিত শনাক্তের চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, পাশাপাশি প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সাথে সমন্বয় করা হচ্ছে। তবে এ ক্ষেত্রে নাগরিকদের আইনসম্মত মতপ্রকাশের স্বাধীনতা ও ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। এ ছাড়াও বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া অপরাধের প্যাটার্ন বিশ্লেষণ করে অপরাধী এবং ইন্ধনদাতাদের সনাক্তের কার্যক্রম চলমান আছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এসআরবি ফোর্সেস সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নাশকতাকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার, সন্দেহভাজন ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও যাচাই, ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা এবং পুলিশের অন্যান্য ইউনিটের সাথে সমন্বয় বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।