ভারত, বিমান, শেখ হাসিনা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, চিফ প্রসিকিউটর মো: আমিনুল ইসলাম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো: আমিনুল ইসলাম। ইন্টারনেট
ads

আগামী ১৬ ডিসেম্বর বিমানে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো: আমিনুল ইসলাম।

আজ মঙ্গলবার সকালে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেছেন।

চিফ প্রসিকিউটর বলেছেন, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফেরারি আসামি এয়ারক্রাফট চাচ্ছেন এটি নজিরবিহীন ও হাস্যকর ঘটনা। এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই নয়। কারণ একজন পলাতক আসামির পক্ষে অন্য কেউ এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল। অতএব এ ধরনের দাবি মোটেই গ্রহণযোগ্য হতে পারে না।

তিনি বলেন, ভারতে পলাতক নেতাদের কর্মকাণ্ডে আওয়ামী লীগ সন্ত্রাসী ও খুনি হিসেবে পরিচয় স্পষ্ট হচ্ছে।

মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। ভারত থেকে ফেরার জন্য পাসপোর্টের পাশাপাশি তিনি বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চেয়েছেন।

শেখ হাসিনার কথিত মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে জানান, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশের একটি বিমানে করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন তিনি সরকারকে দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বিমান পরিবহনের ব্যবস্থা করতে বলেছেন।