
কিশোরগঞ্জের মিঠামইনে ইয়াবাসহ পারভেজ মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে উপজেলা বাজারের জামে মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক পারভেজ ওই এলাকার ভড়া ঘাগড়া গ্রামের রইছ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, পারভেজ নিজেকে পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায় করতেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি তিনি গোপনে মাদক কারবারের সাথে জড়িত বলেও অভিযোগ পাওয়া গেছে।
নিজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার বিষয়টিও সামনে এসেছে।
আটকের সময় তার কাছ থেকে ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বলেন, ‘আমাদের কাছে পারভেজ মিয়ার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায় করতেন। এ ছাড়া তিনি মাদক ব্যবসার সাথে জড়িত বলেও অভিযোগ রয়েছে। বিষয়গুলো আমরা তদন্ত করে দেখছি। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









