
রাশিয়ার ডিফেন্স অ্যাটাশেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক। আগামী সাত দিনের মধ্যে তাকে দেশ ছাড়তে হবে। পাশাপাশি রুশ নাগরিকদের জন্য অত্যাবশ্যক নয় এমন সব ধরনের ভিসা প্রদান স্থগিত করবে ডেনমার্ক।
শুক্রবার (২০ নভেম্বর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এই বহিষ্কারের কূটনৈতিক পরিণতি থাকবে এবং এটি মস্কোর জন্য একটি কঠোর বার্তা।
রাসমুসেন আরো বলেন, ‘আমরা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যে, আপনাদের আসল উদ্দেশ্য আমাদের কাছে ধরা পড়ে গেছে। অনেক হয়েছে, আর কতদিন এমনটা চলবে?’
তিনি জানান, ডেনমার্ক ইউক্রেনকে সমর্থন দেয়া অব্যাহত রাখবে। সরকার রাশিয়ার সাথে যুক্ত জাহাজগুলোকে বন্দরে প্রবেশের অনুমতি দেয়ার বাধ্যবাধকতা তুলে নেয়ার পরিকল্পনা করছে।
ইউক্রেনীয় র্যাপার কিয়েভস্টোনারকে হত্যার ব্যর্থ ষড়যন্ত্রের সাথে রুশ গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততা পেয়েছে ডেনমার্কের কর্তৃপক্ষ। এই প্রেক্ষাপটেই ঘোষণাগুলো এসেছে।
গত ২৫ সেপ্টেম্বর কোপেনহেগেনের কাছে একটি কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অভিযোগ রয়েছে যে, এই কনসার্টের আগে র্যাপারকে হত্যার উদ্দেশ্যে রাশিয়ার গোয়েন্দা সংস্থা ডেনমার্কের দুই নাগরিককে নিয়োগ করেছিল।
অনুষ্ঠানের আগেই সন্দেহভাজনদের গ্রেফতার করা হয় এবং অনুষ্ঠানটি বাতিল করা হয়। তবে গ্রেফতার ব্যক্তিরা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এই ঘটনাকে ডেনমার্ক ও ইউরোপের সামনে বিদ্যমান একটি গুরুতর নিরাপত্তা ঝুঁকির প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন।
এছাড়াও রাশিয়ার নাগরিকদের জন্য ইস্যুকৃত অনাবশ্যক ভিসা সীমিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









