সশস্ত্র বাহিনী দিবস, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিএইউএসটি, ভিসি, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, জাতীয় পতাকা উত্তোলন
বিএইউএসটিতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। নয়া দিগন্ত
ads

নীলফামারীর সৈয়দপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বিএইউএসটি) সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে। 

শনিবার (২১ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পতাকা উত্তোলন ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। এরপর সকাল ৮টা ৩৫ মিনিটে সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর সাফল্য এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। 

মোনাজাত পরিচালনা করেন মানবিক ও বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো: মিজানুর রহমান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল ড. মো: শামীম রেজা (অব.), রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাওসার (অব.), বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, বিভাগীয় প্রধান, ছাত্র কল্যাণ উপদেষ্টা, বিভিন্ন দফতরের দফতরপ্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অবদান ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।