মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত
মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত। প্রতীকী ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর মোটরসাইকেলের তিন আরোহী। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের উপজেলার মির্জাপুর মুছার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই সহোদর ভাই হলেন— ইফতেখার মাহমুদ তুষার (৩২) ও ইমতিয়াজ মাহমুদ ইরাত (২৮)। তারা ফরহাদবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বংশাল এলাকার হায়দার আলী সিপাহী বাড়ির হারুন মোতায়াল্লীর ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সহোদর দুই ভাই বাড়ি থেকে মোটরসাইকেলে করে হাটহাজারীর দিকে যাচ্ছিলেন। দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছালে অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বড়ভাই তুষার মারা যান। অন্যদিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পথে অপর ভাই ইরাতের মৃত্যু হয়।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তাপস কান্তি মজুমদার দুর্ঘটনায় একজন নিহত ও নাজিরহাট হাইওয়ে পুলিশ চমেকে নেয়ার  পথে অপরজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এ ঘটনায় অপর মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সেখানে চিকিৎসাধীন।

স্থানীয় মাওলানা গোলাম কদ্দুস জানান, নিহত দুই ভাই আমাদের মসজিদের মোতায়াল্লী সাহেবের ছেলে। তারা দুই ভাই ও দুই বোন। দুই ভাই প্রবাসী ছিলেন। কয়েক মাস আগে তারা বিদেশ থেকে দেশে আসেন।

হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাসুকুর রহমান জানান, দুই ভাইয়ের মধ্যে একজন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপরজন চট্টগ্রাম মেডিক্যালে নেয়ার পথে মারা যান। দুর্ঘটনায় আহত অপর তিনজন বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।