এশিয়া কাপ রাইজিং স্টারস
আজ ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সাইফ ও ইয়াসির আলী। সংগৃহীত

এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ ‘এ’ দল। দোহায় হংকংয়ের দেয়া ২২০ রানের লক্ষ্য ৮ উইকেট হাতে রেখে, ৫৪ বল আগেই পেরিয়ে গেছে সাইফ হাসানের দল। ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সাইফ ও ইয়াসির আলী।

লক্ষ্য তাড়ায় শুরুতে পারভেজ হোসেন ইমন ১২ রান করে ফিরলেও শাহাদাত হোসেন ৪৩ রানের ইনিংসে দলকে এগিয়ে নেন। এরপর সাইফ ও ইয়াসির মিলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেন। তৃতীয় উইকেটে ১০৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে জয় নিশ্চিত করেন দুজন।

সাইফ ১১৬ বলে ৪ চার ও ১ ছক্কায় ৮৬ রানে অপরাজিত থাকেন। সেঞ্চুরি হতে পারতো তার, তবে শেষ দিকে ইয়াসিরের টানা ছক্কায় দ্রুত ম্যাচ শেষ হয়ে যায়। তাতে সাইফের সেঞ্চুরি আর হয়নি। ইয়াসির ৫১ বলে ৭১ রান করেন। তার ইনিংসে ছিল ৩ চার ও ৫ ছক্কা। 

এর আগে আনশি রাথ ও আইজাজ খানের অর্ধশতকে ৮ উইকেটে ২১৯ রান সংগ্রহ করে হংকং। রাথ করেন ৭৭ রান, আইজাজের ব্যাট থেকে আসে ৬৭। বাংলাদেশের হয়ে ইকবাল হোসেন ইমন ৩ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন। 

সাইফউদ্দিন, মোহাম্মদ রুবেল, রাকিবুল হাসান ও সাইফ হাসান একটি করে উইকেট নেন।