পররাষ্ট্রমন্ত্রী, ড. খলিলুর রহমান, ভারত, হাইকমিশনার, দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বাসস

পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় তারা জাতিসঙ্ঘের সংস্কারসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

আজ বৃহস্পতিবার বিকেলে বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের দীনেশ ত্রিবেদী বলেন, ‘বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে আমি জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সভাপতিকে শুভেচ্ছা জানাতে এসেছিলাম।’

ভারতীয় হাইকমিশনার স্পষ্ট করেন, জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের সাথে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

তিনি জানান, এর আগে তিনি টেলিফোনে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সভাপতিকে ভারতের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছিলেন, তবে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানানোর সুযোগ পেয়ে তিনি আনন্দিত।

দীনেশ ত্রিবেদী বলেন, ড. খলিলুর রহমানের আন্তর্জাতিক ভূমিকার স্বীকৃতি জানানো এবং জাতিসঙ্ঘসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করাই ছিল এ সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্য।

জাতিসঙ্ঘের সংস্কারের চলমান আলোচনা নিয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করে ত্রিবেদী এ বিষয়টিকে বিশ্বজুড়ে দেশগুলোর জন্য এক ‘অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট’ বিষয় বলে বর্ণনা করেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘ড. খলিলুর রহমান জাতিসঙ্ঘের সংস্কার নিয়ে অনেক কথা বলছেন। তাই আমি বুঝতে চেয়েছিলাম যে এই সংস্কারগুলো কী এবং কী করা যেতে পারে, কারণ এগুলো আমাদের সবার জন্যই স্বার্থসংশ্লিষ্ট। এটি আমাদের একটি অভিন্ন স্বার্থ।’

তিনি বলেন, এই বৈঠকের মধ্য দিয়ে জাতিসঙ্ঘের মাধ্যমে আন্তর্জাতিক নানা সঙ্কট সমাধানের ক্ষেত্রে ড. রহমানের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা সম্পর্কে জানার একটি সুযোগ তৈরি হয়েছে।

জাতিসঙ্ঘকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বহুপক্ষীয় সংস্থা হিসেবে উল্লেখ করে ত্রিবেদী বলেন, এর সংস্কারের সাথে জড়িত চ্যালেঞ্জ এবং সম্ভাবনাগুলো ভালোভাবে অনুধাবন করতে তিনি আন্তরিকভাবে আগ্রহী।

আন্তর্জাতিক বিষয়াবলিতে রহমানের প্রাজ্ঞতার প্রশংসা করেন ভারতীয় হাইকমিশনার এবং আলোচনার জন্য ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘খলিলুর রহমান অত্যন্ত জ্ঞানী একজন ব্যক্তি। জাতিসঙ্ঘ বিশ্বের অন্যতম শীর্ষ বহুপক্ষীয় সংস্থা হওয়ায় আমি তাঁর অভিজ্ঞতা সম্পর্কে জানতে চেয়েছি।’

উল্লেখ্য, ড. খলিলুর রহমান ২০২৬ সালের ২ জুন জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। তার এ নির্বাচনের মধ্য দিয়ে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে বাংলাদেশ গুরুত্বপূর্ণ নেতৃত্বের অবস্থানে অধিষ্ঠিত হয়। এমন এক সময়ে তিনি এ দায়িত্ব পান, যখন বিশ্ব সংস্থাটির সংস্কার এবং বহুপক্ষীয় সহযোগিতা জোরদার করা আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে রয়েছে।

সূত্র : বাসস