
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে ও পানিতে ডুবে নারীসহ চারজনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে আজ বৃহস্পতিবার ভোর ৬টার মধ্যে প্রায় ছয় ঘণ্টার ব্যবধানে চারজনের লাশ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, উপজেলার কামদিয়া ইউনিয়নে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শীমল হাজদা (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ইউনিয়নের দুখীসুখি পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শীমল হাজদা দুখীসুখি পাড়া গ্রামের মরহুম রহর হাজদার ছেলে।
এদিকে উপজেলার কামারদহ ইউনিয়নে পুকুর থেকে আব্দুল মমিন (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ইউনিয়নের মধ্য মাস্তা (দক্ষিণ পাড়া) গ্রামে মমিনের বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন।
নিহত আব্দুল মমিন মধ্য মাস্তা (দক্ষিণ পাড়া) গ্রামের আব্দুল মান্নানের ছেলে। জানা যায়, মমিন মাদকাসক্ত ছিলেন।
এছাড়া গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের এনায়েতপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে জহুরুল ইসলাম সবুজ (৪৬) নামে একজনের মৃত্যু হয়েছে।
বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ইউনিয়নের এনায়েতপুর গ্রামে শ্বশুর মোজাম্মেল হকের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহুরুল ইসলাম সবুজ জয়পুরহাটের কালাই উপজেলার ভেরেন্টি গ্রামের মরহুম জাহাঙ্গীর হোসেনের ছেলে।
অপরদিকে, গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার (৭০) লাশ উদ্ধার করে পুলিশ।
পৃথক ঘটনায় এক নারীসহ চারজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম। তিনি বলেন, এসব ঘটনায় থানায় ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের হয়েছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








