
তীব্র ঘূর্ণিঝড়ে ‘অ্যাকভান’ শক্তি বাড়িয়ে ভারতের পুরীর দিকে এগোচ্ছে। সমুদ্রে আপাতত তার গতি ঘণ্টায় ১৫ কিলোমিটার। বাংলাদেশ সময় শুক্রবার দুপুর সাড়ে ১২টা নাগাদ তা স্থলভাগে আছড়ে পড়তে পড়বে বলে ধারণা করা হচ্ছে।
বঙ্গোপসাগরের উপর অ্যাকভান তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেছে। দ্রুত গতিতে তা উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে। শুক্রবার দুপুরে পুরীর কাছে অ্যাকভানের ল্যান্ডফলের আশঙ্কা রয়েছে। ওই সময় ঝড়ের সর্বোচ্চ গতি হতে পারে ১১০ কিলোমিটার।
ভারতের আবহাওয়া বিভাগের বরাতে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, অ্যাকভান শক্তি বাড়িয়ে উত্তর দিকে এগোচ্ছে। সমুদ্রে আপাতত তার গতি ঘণ্টায় ১৫ কিলোমিটার। অন্ধ্রপ্রদেশের নারসাপুর থেকে ৪২০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব, কলিঙ্গপত্তনম থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্ব, ওড়িশার গোপালপুর থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণ, পুরী থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণ এবং তামিলনাড়ুর চেন্নাই থেকে ৫৯০ কিলোমিটার পূর্ব-উত্তর পূর্বে অবস্থান করছে ঘূর্ণিঝড়। উত্তর অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম এবং দক্ষিণ ওড়িশার উপকূলে নারসাপুর ও পুরীর মধ্যবর্তী অংশে গোপালপুরের পূর্ব দিক দিয়ে স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২টা নাগাদ তা স্থলভাগে আছড়ে পড়বে। ওই সময় ঝড়ের গতি থাকবে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার। দমকা হাওয়ার গতি হতে পারে ১১০ কিলোমিটার।
ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) চলছে। অতিভারী বর্ষণের সতর্কতা রয়েছে উপকূলবর্তী জেলাগুলোতে। শুক্রবার বৃষ্টি বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টি হবে। অতিভারী বর্ষণ (৭ থেকে ২০ সেন্টিমিটার) হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। সাথে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার থেকে বৃষ্টি কমতে পারে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত পুরীগামী একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে শুক্রবারের একাধিক টাটানগর-বাদামপাহাড় মেমু, বালেশ্বর-গোপীনাথপুর নীলগিরি মেমু, টাটানগর ব্রহ্মপুর এক্সপ্রেসও।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








