
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালের সামরিক অভিযানের সময় সংঘটিত অপরাধের প্রমাণ নষ্ট করতে লাশ পুড়িয়ে ফেলা এবং অভিযানস্থল গুঁড়িয়ে দেয়ার ঘটনাও আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে।
রায়ে বলা হয়েছে, গণহত্যা সনদের আওতায় অপরাধে জড়িত ব্যক্তিদের তদন্ত, বিচার ও শাস্তি দিতে ব্যর্থ হয়েছে মিয়ানমার। রোহিঙ্গা ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেয়ারও বাধ্যবাধকতা রয়েছে দেশটির।
তবে ক্ষতিপূরণের পরিমাণ এখনো নির্ধারণ করেনি আদালত। রায়ের দুই বছরের মধ্যে ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা কীভাবে করা হবে, সে বিষয়ে প্রতিবেদন তৈরির নির্দেশ দিয়েছেন বিচারক ইউজি ইওয়াসাওয়া।
আন্তর্জাতিক বিচার আদালতে এর আগে কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী হিসেবে সাব্যস্ত করা হয়নি।
মিয়ানমারের রাখাইনে গণহত্যা থেকে বেঁচে যাওয়া রোহিঙ্গা এবং বাংলাদেশে শরণার্থী শিবিরে বসবাসরত লাখ লাখ মানুষের জন্য এই রায় আনুষ্ঠানিক আন্তর্জাতিক স্বীকৃতি যে, তাদের সাথে যা ঘটেছে, সেটি গণহত্যার শামিল।
আইনগতভাবে মিয়ানমারকে চলমান সহিংসতা বন্ধ করতে, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দিতে এবং এমন ঘটনা আর ঘটবে না, এই নিশ্চয়তা দিতে নির্দেশ দেয়া হয়েছে।
তবে এটি স্পষ্ট করে বোঝা জরুরি যে, এটি কোনো ফৌজদারি বিচার নয়। আইসিজে কোনো ব্যক্তি বা জেনারেলকে কারাগারে পাঠাতে পারে না। আর রায় বাস্তবায়নের নিজস্ব কোনো ব্যবস্থাও নেই আন্তর্জাতিক বিচার আদালতের।
রায় কার্যকর করার ক্ষেত্রে আদালত জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ এবং রাজনৈতিক চাপের ওপর নির্ভর করে। তাই অনেক রোহিঙ্গার কাছে এই রায় অত্যন্ত প্রতীকী হলেও, এটি এককভাবে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পারবে না।
এটি মিয়ানমারের কমান্ডারদেরও সরাসরি কারাগারে পাঠাতে পারবে না। আইসিজে রাষ্ট্রের দায়বদ্ধতার বিচার করে, অন্যদিকে আইসিসি ব্যক্তিদের বিচার করে।
তবে গণহত্যার এই সিদ্ধান্ত আলাদা ফৌজদারি কার্যক্রমে এবং জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে রায় কার্যকরের দাবিতে আইনি ও কূটনৈতিক গুরুত্ব যোগ করতে পারে।
সূত্র : বিবিসি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








