নলডাঙ্গা থানা, নাটোর
নলডাঙ্গা থানা, নাটোর। নয়া দিগন্ত

নাটোরের নলডাঙ্গায় সরকারি খালের পানিতে ডুবে মো: আরিয়ান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলার খোলাবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহত শিশু আরিয়ান নওগাঁ সদর থানার গাংজোয়াল গ্রামের মো: সজল ইসলাম ও মোসা: আরিফা বেগম দম্পতির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর মায়ের সাথে নলডাঙ্গা উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে খালু বাবু মিয়ার বাড়িতে বেড়াতে আসে আরিয়ান। রোববার সকালে বাড়ির পেছনে খেলাধুলা করার একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে পাশের সরকারি খালের পানিতে পড়ে যায় সে।

Advertisement

পরে পরিবারের সদস্যরা শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় এক ব্যক্তি খালের পাশ দিয়ে যাওয়ার সময় পানিতে শিশুটির লাশ ভাসতে দেখেন। তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করেন। পরে তাকে নাটোর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয় তদন্তে ঘটনাটি দুর্ঘটনাজনিত বলে প্রতীয়মান হওয়ায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।