মাদক ছেড়ে খেলাধুলায় নজর দিতে হবে : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম
খেলা শেষে খেলোয়াড় ও দর্শদের উদ্দেশে বক্তব্য রাখেন এমপি জসিম উদ্দিন, পরে তিনি খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। নয়া দিগন্ত

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য (এমপি) জসিম উদ্দিন বলেছেন, ‘তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হবে। মাদক একটি জাতিকে ধ্বংস করে দেয়। তাই মাদক ছেড়ে সবাইকে খেলাধুলায় নজর দিতে হবে।’ 

Advertisement

রোববার (৮ অক্টোবর) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নাল্লা ফুটবল মাঠে অনুষ্ঠিত ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নাল্লা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

এর আগে ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে লাকসাম-মনোহরগঞ্জ একাদশকে ৩-২ গোলে হারিয়ে বুড়িচং সবুজ চেয়ারম্যান একাদশ চ্যাম্পিয়ন হয়। 

Advertisement

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি জসিম উদ্দিন বলেন, ‘বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় মাদক থাকবে, না হয় আমরা থাকব। আমাদের সবাইকে খেলাধুলার পাশাপাশি একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।’

নাল্লা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও আবদুল আজিজ মেম্বারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহআলম খোকন, সহ-সভাপতি মহসিন কবির সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক এনায়েত করিম ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান ভুঁইয়া রিপন, উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মনিরুল আলম বাবুল, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ময়নাল হোসেন, একরামুল কবির ভুঁইয়া, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপু, শিক্ষক নেতা হাসিবুল কবির ভুঁইয়া ও ব্যবসায়ী সুমন মিয়া।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচ দেখতে মাঠে হাজারো দর্শকের সমাগম ঘটে। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।